সুবর্ণ এক্সপ্রেসে আগুন, বরখাস্ত ৪ (ভিডিও)
চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজ মঙ্গলবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনটি বগি পুরোপুরি ও দুটি বগি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় স্টেশনমাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় আটক করা হয়েছে দুুজনকে। তারা হলেন চট্টগ্রাম নগরের হালিশহরের আজগর আহমেদ ওরফে এহসান (২৩) ও কর্ণফুলী থানার মদিনা হোটেলের কর্মী মিঠু মিয়া (২৫)। এহসানের বাড়ি চাঁদপুরে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে নিজেকে প্রথমে হেফাজতের কর্মী বলে দাবি করেন। পরে জানান, তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন চট্টগ্রাম রেলস্টশনের মাস্টার মাহবুবুর রহমান, রেলের নিরাপত্তা বাহিনীর হাবিলদার মঞ্জুরুল আলম এবং স্টেশনের প্রহরী জসিমউদ্দিন ও রায়হান। প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্রে জানা গেছে, ভোর পৌনে পাঁচটার দিকে সুবর্ণ ট্রেনের কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা পর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সুবর্ণ এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাতটা। আগুন দেওয়ার কারণে ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আগুনে কমবেশি পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দুটি বগি সংযোজন করে ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।রোকনুজ্জামান আরও জানান, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তাঁকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাধারণ যাত্রীরা। তাঁরা ধর্মের নামে এমন কর্মকাণ্ড যেসব রাজনৈতিক দল চালায়, তাদের প্রতিহত করার দাবি জানান। একজন ক্ষোভের সঙ্গে বলেন, ‘এভাবে গাড়িতে আগুন দিয়ে তারা কোন ইসলাম কায়েম করতে চায়?’