সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিয়েতনামে এক ব্যবসা ফোরামে ভাষণ দেওয়ার সময় বলেছেন, ‘বাংলাদেশে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। আমি আমার দেশে আপনাদের বাণিজ্য বৃদ্ধির আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, আমরা একে-অপরের ব্যবসায় অংশীদার হই এবং এ সম্পর্ক থেকে সুফল ও সমৃদ্ধির ভাগীদার হই।’আজ শনিবার ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) কার্যালয়ে ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মহাসড়ক, মনোরেল, রেললাইন, বিদ্যুেকন্দ্র, গভীর সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বিভিন্ন অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারির নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ২০১৩ সালের শেষ নাগাদ সরকার জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।শেখ হাসিনা বলেন, গত চার বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল প্রায় সাড়ে ছয় শতাংশ এবং মুদ্রাস্ফীতি ছিল পাঁচ শতাংশের নিচে। এ সময়ের মধ্যে গড় মাথাপিছু আয় ৩৪ দশমিক ৬ শতাংশ, বার্ষিক রপ্তানি ২০ শতাংশ ও রেমিট্যান্স-প্রবাহ ১০ শতাংশ বেড়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের উদার বিনিয়োগনীতির কথা উল্লেখ করে বলেন, এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ, জাতীয়করণ ও প্রতিষ্ঠানের স্বত্বচ্যুতির বিরুদ্ধে আইনি সুরক্ষা, মূলধন ও লভ্যাংশ প্রত্যাবাসনের নিশ্চয়তা, পাঁচ থেকে সাত বছরের কর অবকাশসুবিধা, যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি শুল্কসুবিধা, রপ্তানি প্রণোদনা, শতভাগ মালিকানায় ব্যবসা পরিচালনা ও নির্বিঘ্নে বিনিয়োগ প্রত্যাহারের সুবিধা রাখা হয়েছে।দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশ ভিয়েতনাম থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আসিয়ানভুক্ত অন্য সব দেশে আমরা যে পরিমাণ রপ্তানি করছি, তার তুলনায় বন্ধুত্বপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও ভিয়েতনামে তা কম।’ব্যবসা ফোরামে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভিয়েতনামের কৃষি ও পল্লি উন্নয়নমন্ত্রী ক্যাও ডাক ফাত, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) সভাপতি ভু তিয়েন লক, বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত কুয়াং থাক, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা প্রমুখ।