সুবর্ণচরে গণপিটুনিতে ছয় ‘জলদস্যু’ নিহত আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গতকাল শুক্রবার সন্দেহভাজন ছয় জলদস্যু গণপিটুনিতে নিহত হয়েছে। এ সময় পিটুনিতে আহত হয়েছে আরও দুজন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি এবং স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের টোকেন উদ্ধার করেছে।নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের ভাটাজাইল্যা সেলিম (৩৮), চরক্লার্কের মাকছুদ (৩০) ও দেলোয়ার (২৮) এবং চট্টগ্রামের কালা শংকর (২৮)। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহত হান্নানকে (২৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুবেলকে (২৮) থানাহাজতে রাখা হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু সেলিম বাহিনীর প্রধান সেলিম গত বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও পার্শ্ববর্তী কাজির দোকান এলাকায় মহড়া দেন এবং স্থানীয় জেলেদের নদীতে নামার আগে তাঁর কাছ থেকে টোকেন সংগ্রহ করতে বলেন। গতকাল সকালে সেলিম ১৫-১৬ জনের দল নিয়ে আবার সেলিম বাজারে আসেন। বিষয়টি জানার পর বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন চারদিক থেকে তাঁদের ঘেরাও করে। একপর্যায়ে জনতা সেলিমসহ তিনজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। একই সময়ে পার্শ্ববর্তী কাজির দোকান এলাকায় জনতা সেলিমের পাঁচ সহযোগীকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুজনের মৃত্যু হয়।জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান মুঠোফোনে গণপিটুনিতে ছয় জলদস্যু নিহত ও দুজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রাইফেল, একটি পাইপগান, ২২টি গুলি, ছয়টি রামদা এবং চাঁদা আদায়ের কয়েক শ টোকেন উদ্ধার করেছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জলদস্যুদের ঘেরাও করে রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দেয়। নিহত ব্যক্তিদের লাশ এবং আহতদের উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।