সুবলং থেকে ইউপিডিএফের ১১ নেতা-কর্মী আটক
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার রাতে পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ১১ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি, আটটি মুঠোফোন, ৭০ হাজার টাকা ও সংগঠনের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।আটককৃত ব্যক্তিরা হলেন—ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জুরাছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত চাকমা, সহসাধারণ সম্পাদক বাবুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সুবলং শাখার সমন্বয়কারী বিকল্প চাকমা, সদস্য কালাচান চাকমা এবং ইউপিডিএফের সমর্থক জকির চাকমা, শুভ চাকমা, জীবন চাকমা, কালাধন চাকমা ও সুমন্ত চাকমা। আটক আরেকজনের নাম পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সেনাবাহিনীর একটি দল সুবলং বাজারে গিয়ে ইউপিডিএফের কার্যালয় ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেখানে থাকা দুই নারীসহ ১৩ জনকে আটক করা হয়। অবশ্য পড়ে দুই নারীকে স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম ইউপিডিএফ কার্যালয় তল্লাশির সত্যতা নিশ্চিত করেছেন।ইউপিডিএফের প্রচার বিভাগের সোনামণি চাকমাও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনাকে সাজানো ঘটনা হিসেবে মন্তব্য করছেন তিনি।