সুবহানকে আটক রাখার নির্দেশ ট্রাইব্যুনালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রাখার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য অনুপস্থিত ছিলেন) গতকাল রোববার এ আদেশ দেন। আদেশে বলা হয়, ইতিমধ্যে পাবনার একটি ফৌজদারি মামলায় সুবহান গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হলো।সুবহানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক রাখার আবেদন উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। শুনানিতে তিনি বলেন, মাওলানা আবদুস সুবহান ওরফে আবুল বাশার মুহাম্মদ আবদুস সুবহান মিয়া জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রভাবশালী ব্যক্তি। দেশ-বিদেশে তাঁর ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে এবং এই প্রভাব খাটিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ১৯৭২ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে (দালাল আইনের অধীনে) মামলা হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের শেষ দিকে তিনি গোলাম আযমের সঙ্গে পাকিস্তানে পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা যায়নি। সুষ্ঠু ও কার্যকর তদন্তের জন্য তাঁকে আটক রাখা দরকার।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্তে পাওয়া গেছে, একাত্তরে পাবনায় শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে সুবহান নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। পাবনায় শান্তি কমিটি গঠিত হলে তিনি প্রথমে এর সাধারণ সম্পাদক এবং পরে সহসভাপতি হন। একাত্তরে ইয়াহিয়া সরকারের বিতর্কিত নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। একাত্তরে পাবনায় সংঘটিত গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ প্রভৃতি অপরাধের সঙ্গে সুবহান সংশ্লিষ্ট ছিলেন। ভালো উর্দু বলতে পারায় তিনি পাকিস্তানি সেনাদের আস্থাভাজন হন এবং তাদের সহযোগিতায় অসংখ্য মানুষকে হত্যা করেন। নাজিরপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়-সংলগ্ন বধ্যভূমি, নূরপুর বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন বধ্যভূমিসহ পাবনার অসংখ্য বধ্যভূমি এসব হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।কৌঁসুলি শুনানিতে সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কয়েকটি অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল দুপুরে পাবনার কুঁচিয়াপাড়ার শাঁখারীপাড়ায় সুবহানের নেতৃত্বাধীন রাজাকার ও আলবদর বাহিনী এবং পাকিস্তানি সেনারা সুধীর চন্দ্র সাহা, অশোক কুমার সাহা, গোপাল চন্দ্র সাহাসহ আটজনকে হত্যা করে। মে মাসের প্রথম দিকে জেলার ফরিদপুর থানার ডেমরা গ্রামে প্রায় এক হাজার লোককে গণহত্যার ঘটনায় সুবহান জড়িত ছিলেন। প্রায় একই সময়ে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ-সাতবাড়িয়ায় প্রায় ৪০০ মানুষকে হত্যার সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থা এসব জায়গা থেকে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ ও তথ্য সংগ্রহ করেছে। কিন্তু সুবহান এলাকায় প্রভাবশালী হওয়ায় এসব সাক্ষ্য-প্রমাণ বিনষ্টের চেষ্টা চালাচ্ছেন।আবদুস সুবহানকে ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাবনার একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার করে। ওই রাতে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।জামিন নামঞ্জুর: আমাদের পাবনা অফিস জানায়, জেলা আমলি আদালত-১-এ গতকাল সদর থানার ওই মামলায় সুবহানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু সালেহ মো. সালাউদ্দিন আবেদন নামঞ্জুর করেন। ২০০৩ সালে সদর উপজেলার চরতারপুর গ্রামে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই মামলা করা হয়েছিল।