সুবহানের জামিনের শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। কাল মঙ্গলবার এ ব্যাপারে আদেশ দেওয়া হবে।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এ দিন ধার্য করেন।আদালতে সুবহানের জামিনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, আবদুস সুবহান এলাকায় একজন জনপ্রিয় নেতা। তাঁকে আগামী জাতীয় নির্বাচন থেকে বিরত রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী হূষীকেশ সাহা জামিনের বিরোধিতা করে বলেন, সুবহানের নেতৃত্বে একাত্তর সালে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তিনি এলাকায় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিন পেলে সাক্ষীরা ভয়ে সাক্ষ্য দিতে আসবেন না। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য কাল দিন ধার্য করেন।