মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ৪ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামির কাঠগড়ায় সুবহানের উপস্থিতিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।আদেশে বলা হয়, আবদুস সুবহান সাবেক সাংসদ ও সম্মানীয় ব্যক্তি। বিষয়টি বিবেচনা করে কারাবিধি অনুসারে তাঁকে কারাগারে রাখতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো।কার্যক্রমের শুরুতে সুবহানের পক্ষে ওকালতনামা ও জামিনের আবেদন জমা দেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। জামিনের আবেদন শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে।পাবনা সদর থানার একটি ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবহানকে গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুবহানকে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে ট্রাইব্যুনাল সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।সুবহানকে আটক রাখার আবেদনে রাষ্ট্রপক্ষ জানায়, একাত্তরে মুক্তিযুদ্ধকালে পাবনায় শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে সুবহান নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন। তিনি পাবনায় শান্তি কমিটির প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সহসভাপতি ছিলেন। একাত্তরে ইয়াহিয়া সরকারের বিতর্কিত নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পাবনায় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।গোলাম আযমের বিরুদ্ধে জবানবন্দি দিলেন রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী ‘ক্যামেরা ট্রায়ালে’ জবানবন্দি দিয়েছেন। সাক্ষীর নিরাপত্তার জন্য রাষ্ট্রপক্ষ ক্যামেরা ট্রায়ালের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।ক্যামেরা ট্রায়ালে এজলাসে কেবল বিচারক, দুই পক্ষের নির্দিষ্টসংখ্যক আইনজীবী, সাক্ষী, আসামি এবং আদালতের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকেন।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম প্রথম আলোকে বলেন, ‘গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী হিসেবে এক নারী জবানবন্দি দিয়েছেন। মুক্তিযুদ্ধে তাঁর স্বামী সিরু মিয়া দারোগা ও ছেলে আনোয়ার কামাল শহীদ হন। আসামিপক্ষ আজ তাঁকে জেরা করবে।’