সুবহানের বিরুদ্ধে তদন্তের জন্য ৬ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য আগামী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার সময় বাড়ান।ট্রাইব্যুনাল ওই দিনের মধ্যে আবদুস সুবহানের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল-মালুম আজ ট্রাইব্যুনালে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। তিনি বলেন, পাবনার বিভিন্ন এলাকায় একাত্তরে সংঘটিত গণহত্যার সঙ্গে সুবহানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ করতে আরও সময় দরকার। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সময় বাড়ানোর বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে আদেশ দেন। সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।