সুবাদার যেভাবে ঢাকায় এলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন দায়িত্ব নিয়ে দিল্লি থেকে ঢাকা ভ্রমণের চমকপ্রদ ঘটনাবলির স্মৃতি নিয়ে একটি কিতাব রচনা করছেন ঢাকায় আসা মোগল বাহিনীর অন্যতম সিপাহসালার আলাউদ্দীন ইস্পাহানি ওরফে মির্জা নাথান। তাতে ঢাকাবাসের অভিজ্ঞতাও লিপিবদ্ধ করা হবে। প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায় মুগ্ধ সিপাহসালার হূদয়ের মুগ্ধতা অকপটে ব্যক্ত করে বলেন, এমন স্বচ্ছতোয়া নদনদীবিধৌত, মনোরম বৃক্ষশোভিত ও পাখির কূজনমুখরিত মুলুক তিনি আগে কখনো দেখেননি। এ দেশে না এলে জীবনে একটি সুমধুর অভিজ্ঞতা থেকে তিনি বঞ্চিত হতেন। ঢাকার অপার সৌন্দর্যে অভিভূত হওয়ার কারণেই তিনি তাঁর স্মৃতিধর্মী কিতাবটিতে ঢাকার অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।যুবক সিপাহসালার মির্জা নাথান সুবাদার শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতির প্রধান নৌ-অধিকর্তা মির-ই-বহর ইহতিমাম খানের পুত্র। তিনি ঢাকায় তশরিফ রেখেছেন পিতার সঙ্গে যৌথভাবে সুবা বাংলার রাজকীয় নৌবহরের দায়িত্ব নিয়ে। বীর যোদ্ধা মির্জা নাথান নানা যুদ্ধে প্রবল পরাক্রম প্রদর্শন করে তরুণ বয়সেই মোগল সেনাবাহিনীর সুদক্ষ সিপাহসালার হওয়ার সৌভাগ্য লাভ করেন। উত্তর-পূর্ব ভারতে মোগল সাম্রাজ্য বিস্তারে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মোগল শাহানশাহ্ নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর তাঁকে ‘সিতাব খান’ উপাধিতে সম্মানিত করেন। ইতিহাস ও সাহিত্যে অগাধ জ্ঞানের কারণেও তিনি দিল্লির বিদগ্ধ মহলে মশহুর। গতকাল তিনি প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে কথা বলেন।সিপাহসালার মির্জা নাথান এ সাক্ষাত্কার দেন বেগ মুরাদ খানের দুর্গের ভেতরে নির্মিত এক আলিশান তাঁবুতে বসে। তাঁর ওপর পাকুড়তলীর পূর্ব-দক্ষিণ প্রান্তে এই দুর্গের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের কারণে দুর্গের ভেতরের অংশ পানিতে সয়লাব হয়ে থাকা সত্ত্বেও তিনি তাঁবুতেই অবস্থান করছেন। রাজকীয় তাঁবুর সামনে পাতা খাটিয়ায় উপবেশন করে আখরোট কাঠের চৌপায়ায় রক্ষিত রেকাবি থেকে তিনি পেস্তা, কাজু ও খুবানির স্বাদ গ্রহণ করছিলেন। সাক্ষাত্কার নেওয়ার সময় সৈন্যদের মধ্যে দুর্গের ব্যবস্থাপনা বিষয়ে দারুণ ব্যস্ততা লক্ষ করা গেছে।কোমল কবিমনের অধিকারী তরুণ সিপাহসালার বলেন, দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার পরপরই তিনি ইতিমধ্যেই এক মহাকিতাব রচনা করতে শুরু করেছেন। এটি তিনি প্রচার করবেন গায়বি তখল্লুসে বা ছদ্মনামে। কিতাবটির নাম রাখবেন বাহারিস্তান-ই-গায়বি। কিতাবটির তাত্পর্য ব্যাখ্যা করতে গিয়ে প্রথম আলোকে তিনি জানান, ‘দুনিয়ার শ্রেষ্ঠতম সুলতান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সৌভাগ্যপূর্ণ রাজত্বকালে বাংলায় সংঘটিত ঘটনার সামান্য অংশও লিপিবদ্ধ করা হলে তা কালের পৃষ্ঠায় স্থায়ী হয়ে থাকবে। এই কিতাবের বিস্ময়কর সত্য কাহিনি থেকে দূরদর্শী ব্যক্তিরা অনেক জ্ঞান আহরণ করতে পারবেন।’ উচ্চাকাঙ্ক্ষী সিপাহসালারের বিশ্বাস, তাঁর এই মহাকিতাব একদিন বাংলা, বিহার ও উড়িষ্যার বস্তুনিষ্ঠ ইতিহাস হবে। আবার পাঠকেরা এতে ধ্রুপদী সাহিত্যের স্বাদও পাবেন।’ তিনি বলেছেন, ‘কিতাবটি ভবিষ্যতেও বহু হাজার বছর পঠিত হবে।’তাঁদের ঢাকা আসার প্রস্ততি কী ছিল সে ব্যাপারে জানতে চাইলে সিপাহসালার বলেন, ইসলাম খান চিশতিকে সুবাদার হিসেবে পাওয়ার পর বিরাট সৈন্যবাহিনী, হস্তিবাহিনী ও নৌবহর নিয়ে দ্রুত বাংলার পথে ধাবিত হন। প্রথমে তিনি যান সুবা বাংলার ইতিপূর্বেকার রাজধানী মুর্শিদাবাদের আকবরনগর বা রাজমহলে। সেখানে পৌঁছে সার্বিক অবস্থা পর্যালোচনা করে ইহতিমাম খানকে প্রধান নৌ-অধিকর্তা করে পাঠানোর জন্য শাহানশাহ্ জাহাঙ্গীরকে পত্র মারফত অনুরোধ জানান। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য পুরোনো কর্মকর্তাদের পদচ্যুত করে নতুন কিছু কর্মকর্তা নিয়োগের জন্য আরজি জানান। তাঁর আরজি রেখে শাহানশাহ্ জাহাঙ্গীর এক হাজার পদাতিক ও তিন শ অশ্বারোহী বাহিনীর দায়িত্ব দিয়ে ইহতিমাম খানকে মির-ই-বহর পদে এবং আবুল হাসানকে ‘মুতাকিদ খান’ উপাধি দিয়ে দেওয়ান পদে নিয়োগ দেন। বিদায়কালে শাহানশাহ্ ইহতিমাম খানকে আরও এক হাজার জাত ও সাত শ অশ্বারোহী সৈন্য দেন। ব্যক্তিগতভাবে উপহার দেন দামি পোশাক, একটি তলোয়ার ও একটি বিশেষ বন্দুক। এ ছাড়া শাহানশাহ্ তাঁদের মানসিংহের সৈন্যবাহিনী ও রোটাস দুর্গ থেকে আনা কামানগুলিও সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।দলবল নিয়ে ইহতিমাম খান এলাহাবাদ হাজির হন। তিনি সেখান থেকে ৩৩০টি গজ-নাল বা ছোট কামান, হাত-নাল বা বন্দুক ও শের-দাহান বা বাঘের মুখাকৃতির বড় কামান হস্তগত করেন। এর পর আরও নৌকাসহ বিশাল নৌবহর নিয়ে ঝাঁসিতে পৌঁছে তাঁবু ফেলেন। এখানে তিনি সাবেক দেওয়ান ওয়াজির খানের থেকে জলতরঙ্গ ও নাদুলা নামে দুটি রণতরী ও চারটি শোর-দাহান কামান সংগ্রহ করেন।ঝাঁসি থেকে তিনি আসেন রাজমহল বা আকবরনগরে। সুবাদার ইসলাম খান, দেওয়ান মুতাকিদ খান ও বকশি খাজা তাহির মোহাম্মদ এখানে মির-ই-বহর ইহতিমাম খানকে স্বাগত জানান। মির্জা নাথান বলেন, ‘সুবাদার ও তাঁর সঙ্গীরা সুসজ্জিত অশ্বপৃষ্ঠে চড়ে মির-ই-বহরকে সংবর্ধনা জানাতে আসেন। মির-ই-বহর ইহতিমাম খানের কাছ থেকে সুবাদার তমিজের সঙ্গে শাহানশাহের পাঠানো শাহি ফরমান গ্রহণ করেন। মির-ই-বহর সঙ্গে আনা কামান থেকে তোপধ্বনি করতে বলেন। কামানের গগনবিদারী আওয়াজ ও ধোঁয়া জল-স্থল আচ্ছন্ন করে ফেলে। বিজয়ীদের তূর্যনিনাদে বিদ্রোহীরা মূর্ছা যায়।’ মির্জা নাথান বলেন, এর পর আকবরনগর থেকে সুবাদার ইসলাম খান ভাটির দিকে রওনা হলেও ইহতিমাম খান কৌশলগত কারণে পরে যাত্রা করার জন্য সেখানে থেকে যান। ঢাকায় যাত্রার আগে সুবাদার ইসলাম খান মির-ই-বহরের সৈন্যবাহিনী পরিদর্শন করেন। এ সময় তাঁর বাহিনীতে ছিল ২৯০টি রসদ ও ভারী কামান সজ্জিত নৌযান। জায়গির থেকে আগে পাঠানো ৫০০ অশ্বারোহী ও এক হাজার পদাতিক ছাড়াও সেখানে ছিল ৭৭০ জন সুসজ্জিত অশ্বারোহী সৈন্য, সমরকুশলী তিন হাজার পদাতিক, ৮০টি হাতি ও ৮০ জন অশ্বারোহী। বিশালাকার এই নৌবহর ও সেনাবাহিনী নিয়ে ঢাকায় পৌঁছাতে সুবাদারের প্রায় দুই বছর লেগে যায়।ঢাকায় পৌঁছাতে সুবাদার ইসলাম খানের এত দীর্ঘ সময় লাগার কারণ সম্পর্কে মির্জা নাথান জানান, বিদ্রোহী জমিদার ও রাজাদের সঙ্গে সুবাদারকে পথে পথে যুদ্ধ করতে হয়েছে। আকবরনগর ত্যাগ করে সুবাদার ইসলাম খান গৌড়ে গিয়ে ছাউনি ফেলেন। এখানে তিনি বিদ্রোহী শামস খান ও সেলিম খানকে যুদ্ধে পরাস্ত করেন। সেখান থেকে আলাইপুর বা নওগাঁ পৌঁছে ভূষণা পরগনা বা ফরিদপুরের রাজা ছত্রাজিতের বিরুদ্ধে যুদ্ধ করে তাঁকে সন্ধি স্থাপনে বাধ্য করেন। এখান থেকে তিনি যুদ্ধ করেন বীরভূমের জমিদার বীর হামির ও অন্য বিদ্রোহীদের বিরুদ্ধে। এর পর তিনি করতোয়া নদীপথে পাবনার চাটমহল বা চাটমোহরে হাজির হন। সেখান থেকে সবাই মিলে আত্রাই নদী বেয়ে পৌঁছান রাজশাহীর গুরুদাসপুর বা নাজিমপুরে। এখানে যশোরের রাজা প্রতাপাদিত্য সুবাদারের সঙ্গে মোলাকাত করে মোগল বাহিনীকে সহায়তা দেওয়ার চুক্তি করেন।তত দিনে প্রবল বর্ষা মৌসুম শুরু হয়ে যায়। ভাটি অঞ্চলে যাত্রা করা আর সুবিবেচনার কাজ হবে না ভেবে সুবাদার ঘোড়াঘাটে চলে এসে সেখানে ছাউনি করে ফেলেন। ঘোড়াঘাট থেকে সুবাদার উড়িষ্যার জগন্নাথ মন্দিরের লুণ্ঠনকারী রাজা কেশদাস মারুকে পরাস্ত ও শায়েস্তা করেন। এর পর বশ্যতা আদায় করেন কামরূপের রাজা লক্ষ্মীনারায়ণ ও পরীক্ষিতেরও।ঘোড়াঘাট থেকে সুবাদার ভাটির দিকে যাত্রা শুরু করেন। শাহজাদপুরে এসে তিনি সেনা ও নৌবহর পরিদর্শন ও গণনা করেন। মুতাসদ্দিদের বা হিসাবরক্ষককে নির্দেশ দেন সমরশক্তির যথাযথ হিসাব তৈরি করে তাঁর কাছে দাখিল করতে। এর পর সুবাদার তাঁর শাহি বজরা চাঁদনিতে উঠে বসেন। তাঁর দুর্ভেদ্য দুর্গের মতো বিশাল শাহি বজরা ঢাকার পথে অগ্রসর হয়। মির্জা নাথান বলেন, মির-ই-বহর ইহতিমাম খানও পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সুস্থ হয়ে উঠতে উঠতে বর্ষার একটি সম্পূর্ণ মৌসুম পেরিয়ে যায়। সোনাবাজুতে থাকার সময় অর্থসংকটের কারণে তাঁর মাঝিমাল্লারাও চলে গিয়েছিল। খাজা তাহির মোহাম্মদ বকশি আকবরনগর থেকে শাহানশাহ্র খাসজমির রাজস্ব বাবদ সাত লাখ টাকা নিয়ে এলে অর্থসংকট দূর হয়। তখন নতুন করে মাঝিমাল্লা সংগ্রহ করতে হয়। তা ছাড়া শাহজাদপুর হয়ে সোনাবাজু পরগনা বা পাবনা থেকে আসার পথে অনেক জায়গায় নদী সংকীর্ণ ছিল। শাহি নৌবাহিনীকে এগিয়ে আসার জন্য বেশ কিছু জায়গায় নদী ও সংযোগ খাল খনন করতে হয়। এসব তাঁদের যাত্রাপথে বিলম্ব ঘটিয়ে দেয়।নদীপথে অসংখ্য বাঁক ঘুরে অত্যন্ত মন্থর গতিতে তাঁরা অগ্রসর হন। সুবাদারের বজরা সে তুলনায় দ্রুত এগিয়ে গিয়েছিল। পরে খাল যোগিনীর ত্রিমোহনায় তাঁদের সুবাদারের সঙ্গে সাক্ষাত্ হয়। সুবাদার তাঁর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তুকমাক খান, শেখ কামাল ও মিরাক বাহাদুরকে ছ’মঞ্জিল পথ পেরিয়ে একটি অগ্রবর্তী দল হিসেবে ঢাকায় যাওয়ার নির্দেশ দেন। ঢাকায় পৌঁছে ঢাকা কেল্লা মেরামতের জন্যও তাঁদের নির্দেশ দেওয়া হয়। সুবাদার তাঁদের সাহায্যার্থে শাহি নৌবহর ও গোলান্দাজ বাহিনী থেকে কুড়িটি রণতরী, এক হাজার বন্দুকধারী, ছোট-বড় ৫০টি কামান, এক শ মণ বারুদ ও এক শ মণ সিসা দ্রুত ঢাকা পাঠিয়ে দিতে ইহতিমাম খানকে আদেশ দেন। মির্জা নাথান বলেন, সুবাদারের ইচ্ছা ছিল অগ্রবর্তী বাহিনী পাঠিয়ে স্থানীয় বিদ্রোহীদের মনে ভয় ধরিয়ে দেওয়া।ঢাকায় আসার পথে ইছামতী নদীর মোহনায় ডাকছাড়ে মসনদ-ই-আলা মুসা খান তাঁদের প্রতিরোধ করেন। প্রকৃতপক্ষে এখানেই সুবাদার সবচেয়ে বড় প্রতিরোধের মুখে পড়েন। প্রবল যুদ্ধের মধ্য দিয়ে সুবাদার ইসলাম খান জয়ী হন। এসব সুসংবাদ পেয়ে মোগল শাহানশাহ্ জাহাঙ্গীর বিশেষ দূত মারফত প্রশংসাবাচক শাহি ফরমান ও উপহার পাঠান। সুবাদারকে পাঠানো হয় বিশেষ সম্মানজনক পশমি পোশাক, মুক্তাখচিত বন্দুক, এক জোড়া চিতাবাঘ, এক জোড়া ইরাকি ও তুর্কি ঘোড়া ও পাঁচ জোড়া আরবি ঘোড়া। দেওয়ান মুতাকিদ খান ও ইফতিখার খান পান সম্মানজনক পোশাক ও একটি করে ঘোড়া এবং মির-ই-বহর ইহতিমাম খান সম্মানজনক পোশাক ও সম্মানজনক টুপি। মির্জা নাথান জানান, তাঁর বীরত্বপূর্ণ যুদ্ধ-পরিচালনায় মুগ্ধ হয়ে শাহানশাহ্ তাঁকে নিজের একটি বিশেষ প্রতিকৃতি উপহার দিয়েছেন। উল্লেখ্য, এই বিশেষ প্রতিকৃতি শাহানশাহ্র খাস শিষ্য হিসেবে অন্তর্ভুক্ত স্বল্পসংখ্যক কর্মচারীই কেবল পেয়ে থাকেন।এর পর সুবাদার ইসলাম খান তাঁর দেওয়ান, বকশি ও অন্য কর্মচারীদের নিয়ে নিশ্চিন্ত মনে ঢাকায় প্রবেশ করেন।