সুবাস ছড়ানো বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামারবাড়ির পাশে যানজটে পড়েছে অসংখ্য যানবাহন। সময় বাঁচাতে অনেকেই বাস থেকে নেমে ফার্মগেটের দিকে হাঁটতে শুরু করেছে। বাসে যারা বসে আছেম তারা গরম, ঘাম, জটলা মিলিয়ে তিতিবিরক্ত। এমন সময় কোত্থেকে বাতাসের সঙ্গে ভেসে এল ফুলের সুবাস। আশ্চর্য হয়েই অনেকে এদিক-ওদিক তাকাতে শুরু করল। উৎসুক যাত্রীরা সুবাসের উৎস খুঁজে বের করল। কৃষিবিদ ইনস্টিটিউটের খোলা মাঠে দেখা গেল ফুলের সমাহার। প্রতিদিন কাকডাকা ভোরেই নাকি ফুলে ফুলে ভরে ওঠে মাঠটি। কেন? জানতে চাইলে মিরপুরের ফুল বিক্রেতা আলম মিয়া বলেন, আগে তো শুধু শাহবাগে ফুলের পাইকারি বাজার ছিল, এখন খামারবাড়িতেও ফুলের নতুন পাইকারি বাজার বসে।কৃষিবিদ ইনস্টিটিউটের মাঠে ঢুকতেই ভেসে এল গোলাপ ফুলের মিষ্টি গন্ধ। চোখে পড়ল গোলাপ ফুলের স্তূপ। লাল, সাদা, হলুদসহ হরেক রঙের গোলাপ। মাঠের ভেতর আরও অনেক ফুলের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, কাঠবেলিসহ বিভিন্ন ফুল রয়েছে বাজারে। কামিনী ফুলের পাতাও বিক্রি করতে দেখা গেল। এই পাতা গাড়ি সাজাতে ব্যবহার করা হয়। খামারবাড়ির পাইকারি ফুলের বাজারে ফুল আসে দেশের বিভিন্ন জেলা থেকে। ফুল বিক্রেতারা জানান, যশোরে সবচেয়ে বেশি ফুল উৎপন্ন হয়। এ ছাড়া ঝিনাইদহের মহেশপুর, কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নাটোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকার সাভার, সাদুল্লাপুরে প্রচুর ফুল চাষ হয়। স্থানীয় পাইকারি বাজার থেকে পাইকারেরা ফুল নিয়ে আসেন খামারবাড়িতে। আবার কেউ কেউ বাগান থেকেও ফুল নিয়ে আসেন। খামারবাড়ি থেকে খুচরা বিক্রেতারা ফুল কিনে নিয়ে যান। ঢাকা ছাড়াও এর আশপাশের বিভিন্ন এলাকার ক্রেতা দেখা গেল এখানে। মিরপুরের ফুল বিক্রেতা রহিমা জানান, এখানে ফুলের বাজার হওয়ায় ভালো হয়েছে। নিরিবিলি জায়গায় ফুল কেনা যায়।খামারবাড়ির বাজারে গোলাপ ফুল বিক্রি করছিলেন রাজাবাজারের নুর ইসলাম। প্রায় ১৪ বছর ধরে তিনি ফুলের ব্যবসা করছেন। ফুল আনেন যশোর থেকে। যখন যে ফুল সুবিধামতো পাওয়া যায়, তখন সেই ফুল বিক্রি করেন। তিনি আগে শাহবাগে ফুল বিক্রি করতেন। এখন খামারবাড়িতে আসেন নিয়মিত।পদ্ম, শাপলার মতো গ্রামের বিল-ঝিলের ফুলও দেখা গেল খামারবাড়ির বাজারে। এমন ফুল বিক্রি করছিলেন আবদুল কাদির। তিনি ফুল এনেছেন নরসিংদীর ঘোড়াশাল থেকে।একাধিক ফুল বিক্রেতা জানান, বাজারে ফুলের দাম প্রতিদিনই ওঠা-নামা করে। তাই ফুলের ব্যবসায় লাভ-ক্ষতি দুটি দিকই আছে। আবার এক দিন লাভ বেশি হয়, আরেক দিন কম হয়। সাধারণত শ হিসেবে বিক্রি হয় বিভিন্ন ফুল। ১০০ গোলাপ বা রজনীগন্ধা ফুল ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়।খামারবাড়ির ফুলের পাইকারি বাজারে খুচরা ক্রেতারাও আসতে শুরু করেছে। বিয়ে, গায়েহলুদ, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল নিতে আসে তারা। ফুলের তোড়া তৈরি, গাড়ি সাজানোর কাজও করা হয় খামারবাড়ির পাইকারি ফুলের বাজারে।ফুল ব্যবসায়ীরা জানান, খামারবাড়িতে ফুলের পাইকারি বাজার চালু হয়েছে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর। ঢাকায় ফুলের পাইকারি বাজার বলতে আগে সবাই শাহবাগ এলাকার কথা জানত। খামারবাড়িতে বাজার তৈরি করা হলো কেন, জানতে চাইলে তাঁরা জানান, শাহবাগে চাঁদাবাজদের অত্যাচার বেড়ে গিয়েছিল। তাদের দাবিমতো চাঁদা না দিলে ভয় দেখাত, ফুল নিয়ে চলে যেত, এমনকি বিক্রেতাদের মারধরও করত। চাঁদাবাজদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৩০০ পাইকারি ফুল ব্যবসায়ী কৃষিবিদ ইনস্টিটিউটে চলে এসেছেন। এখানে তাঁরা চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করছেন।এই বাজারে পর্যাপ্ত ছাউনি না থাকায় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বেচাকেনা করতে হয় ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মো. আবদুর রহিম বলেন, ‘আমাদের জন্য একটি স্থায়ী বাজার দরকার। কেননা, এখানে রোদে ও বৃষ্টিতে অনেক ফুল নষ্ট হয়ে যায়। তখন অনেক কম দামেই বিক্রি করে দিতে হয় ফুল। এখানে প্রচুর ফুল আসে, কিন্তু তা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। ফলে অবিক্রিত ফুল নষ্ট হয়। ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকলে অনেক ভালো হতো।’