সুবিধা নিতে চায় বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলন শুরুর পর থেকে রাজনৈতিক মাঠে জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপিও ব্যাপক চাপে রয়েছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে দল দুটি কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলন থেকে সুবিধা নিতে সচেষ্ট রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপি ও জামায়াতের নেতারা মনে করছেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর এ আন্দোলনকে জোরদার করে সরকারকে চাপে ফেলা যাবে। বিএনপির নীতি-নির্ধারকেরা মনে করেন, শাহবাগের তরুণ প্রজন্মের আন্দোলন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। এর বিপরীতে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ধর্মভিত্তিক সংগঠনগুলোকে মাঠে নামানো গেলে প্রতিকূল পরিস্থিতি উতরানো যাবে। আর, এই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ধর্মভিত্তিক দলগুলোর হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি। তবে এ কৌশলের কথা স্বীকার করতে রাজি নন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এম কে আনোয়ার ও গয়েশ্বর চন্দ্র রায়।এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, আলেম-ওলামাদের কিছু বিষয় আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এটা অস্বীকার করার উপায় নেই। কেউ আল্লাহ, পবিত্র কোরআন ও হজরত মুহাম্মদ (সা.) ও ইসলামের বিধিবিধান নিয়ে কটূক্তি করলে, তার প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন দেওয়া কোনোভাবেই রাজনৈতিক কৌশল হতে পারে না।আর গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ‘এটা জামায়াত বা বিএনপির বিষয় না। ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। ধর্ম নিয়ে নোংরা কথা বললে এর প্রতিবাদে একাত্ম হওয়া কোনো রাজনৈতিক কৌশল নয়।’কতিপয় ব্যক্তি ব্লগে ‘আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি’ করেছেন বলে কয়েকটি পত্রিকায় খবর বের হওয়ার পর গত বৃহস্পতিবার থেকে মাঠে নামে কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন দল ও সংগঠন। জামায়াত নেপথ্যে থেকে ধর্মভিত্তিক দলগুলোর এ আন্দোলনে ইন্ধন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে সরকারের পক্ষ থেকে শুরু থেকেই বলা হচ্ছে। এমনকি গত শুক্রবার জুমার নামাজের পর কওমি মাদ্রাসাভিত্তিক দলগুলোর ব্যানারে বিক্ষোভ মিছিলেও জামায়াত-শিবিরের কর্মীরা অংশ নিয়ে সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এ রায়ে বিক্ষুব্ধ হয়ে তরুণ প্রজন্মের ব্লগাররা শাহবাগে জমায়েত হন। তাঁরা একাত্তরের সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ গড়ে টানা বিক্ষোভ করছেন। এ আন্দোলনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে জামায়াত। এ বৈরী পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য জামায়াতের কাছে ‘ধর্মীয় উন্মাদনার’ আশ্রয় নেওয়া ছাড়া এ মুহূর্তে আর কোনো বিকল্প নেই বলে মনে করা হচ্ছে। তবে, এ কথা স্বীকার করতে রাজি নন জামায়াতের মুখপাত্র শফিকুল ইসলাম মাসুদ। তিনি দাবি করেন, ‘নব্বই ভাগ মুসলমানের দেশে কেউ আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামি অনুশাসন নিয়ে কটূক্তি করলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ রুখে দাঁড়াবে। তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’শাহবাগের টানা আন্দোলনের কারণে চাপা পড়ে যায় প্রধান বিরোধী দল বিএনপির ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের’ আন্দোলনও। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা দাবি করেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিকে সামনে আনা হলেও বাস্তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণ মঞ্চ করা হয়েছে। এ নিয়ে দলটির নেতারা ইতিমধ্যে বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্যও দিয়েছেন। তাঁদের দাবি, শাহবাগের আন্দোলনের মাধ্যমে সরকার গত চার বছরে রাষ্ট্র পরিচালনায় সরকারের সব ব্যর্থতা, বড় বড় দুর্নীতি, খুন ও গুমের ঘটনাগুলো ধামাচাপা দিতে চায়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের আবেগকে কাজে লাগিয়ে একটি অনুকূল পরিবেশ তৈরি করে সরকার নিজেদের মতো করে আগামী নির্বাচন সেরে ফেলতে চায়।শাহবাগ আন্দোলন নিয়ে বিএনপির নেতারা এখন এসব ব্যাখ্যা-বিশ্লেষণ দাঁড় করালেও এ গণজাগরণের শুরুর দিকে দলটি কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় পড়েছিল। একপর্যায়ে নানা কথার বেড়াজালে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির পক্ষ থেকে শাহবাগে তারুণ্যের উচ্ছ্বাসকে স্বাগত জানানো হয়। অবশ্য এম কে আনোয়ার দাবি করেন, শাহবাগ আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান সঠিক। তিনি বলেন, ‘তারুণ্যের উচ্ছ্বাসের প্রতি আমরা সহানুভূতি জানিয়েছি। আবার মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচারও দাবি করেছি। কিন্তু এখন শাহবাগে যেভাবে সরকারের নগ্নরূপ বেরিয়ে আসছে, তাতে এটি সরকারের খরচের খাতায় যাচ্ছে।’