সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী ববিতা এখন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠনের হয়ে তিনি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু আর তাদের পরিবারের জন্য কাজ করছেন। ডিসিআইয়ের আমন্ত্রণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, মেরিল্যান্ড, ফিলাডেলফিয়া, মিশিগান ও ক্যালিফোর্নিয়া এবং কানাডা সফর করেন। সফরের গোড়ার দিকে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিশু অধিকার ও দৃষ্টিশক্তিবিষয়ক সম্মেলনে বক্তব্য দেন।গত শনিবার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে ববিতা তাঁর যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অনেক আগে থেকেই সুবিধাবঞ্চিত আর অবহেলিত শিশুদের জন্য কাজ করছেন। এবার তা করছেন বড় পরিসরে। ববিতা বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গিয়েছি। সেখানে বাংলাদেশের গরিব-অসহায় শিশুদের কথা তুলে ধরেছি। তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছি। সবার কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে আমি অভিভূত।’এই অনুষ্ঠানে ডিসিআইয়ের কর্মকাণ্ড ও ববিতাকে শুভেচ্ছাদূত হিসেবে পাওয়ার অনুভূতির কথা জানান ডিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ। ববিতাকে শুভেচ্ছা জানান চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ সালাউদ্দিন জাকী, বিবি রাসেল, মাহফুজ-উর রহমান, ডলি ইকবাল প্রমুখ। উপস্থিত ছিলেন অভিনেত্রী চম্পা।অনুষ্ঠানে ববিতা ও তাঁর যুক্তরাষ্ট্র সফরের ওপর নির্মিত দুটি তথ্যচিত্র দেখানো হয়।