সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের শুরুতেই জীবিকার কঠিন সংগ্রামে নিয়োজিত ওরা। সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু। নানা বাধা-বিপত্তি পদে পদে। তার পরও স্বপ্ন দেখা থেমে থাকে না। তাদেরও কল্পনা ডানা মেলে। শিশুদের এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস যৌথভাবে ‘আমাদের স্বপ্ন’ নামে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।গতকাল রোববার বিকেলে বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হাশেম খান। উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী প্রমুখ।পাহাড়ের সবুজ-শ্যামল প্রকৃতি, এঁকেবেঁকে চলা নদীর বুকে পাল তোলা নৌকা। জুম তুলছে পাহাড়ি নারীরা। স্বাধীন দেশের জাতীয় পতাকা হাতে ছুটে চলা কিশোর-কিশোরী। বায়ান্নর ভাষা আন্দোলন, শহীদ মিনার, একাত্তরের মুক্তিযুদ্ধ উঠে এসেছে শিশুশিল্পীদের চিত্রকর্মে। শিশু অধিকার ইউনিটের সুবিধাবঞ্চিত ৮০ জন শ্রমজীবী শিশুদের আঁকা ১০০ চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।