সুবিধাবাদীদের ভিড়ে ত্যাগীরা কোণঠাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা আওয়ামী লীগে স্থবিরতা বিরাজ করছে। জেলা, উপজেলা, পৌর কমিটিসহ সহযোগী সংগঠনের সবগুলো কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া দল রাষ্ট্রক্ষমতায় আসার পর সুবিধাবাদীদের তৎপরতা বেড়ে যায়। কোণঠাসা হয়ে পড়েন পুরোনো ও ত্যাগী নেতা-কর্মীরা। তাই তাঁরা অনেকটা নিষ্ক্রিয়।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৫ সালের ১৮ মে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ ছাড়া জেলার ছয়টি সাংগঠনিক উপজেলা ও চারটি পৌর কমিটির সম্মেলন হয় না বহু বছর।বরগুনা সদর উপজেলার সম্মেলন হয় ২০০৪ সালের ১৬ জানুয়ারি। এই কমিটির সভাপতি নজরুল ইসলাম ২০০৭ সালে মারা যান। বেতাগী উপজেলা শাখার সম্মেলন হয় ১৯৯৯ সালে। এই কমিটির সভাপতি আ. মান্নান মৃধা ২০০৩ সালে মারা যান। বামনা উপজেলা শাখার সম্মেলন হয় ২০০৪ সালে এবং ২০০৫ সালে হয় পাথরঘাটা উপজেলার সম্মেলন। এই দুই কমিটির সভাপতির একজন থাকেন ঢাকায়, অন্যজন বরিশালে। আমতলী উপজেলার সম্মেলন হয় ২০০৪ সালে। তবে সেখানে সাধারণ সম্পাদক কোণঠাসা হয়ে পড়ায় দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। তালতলী থানা কমিটির সর্বশেষ সম্মেলন হয় ২০০৪ সালে। এই কমিটির সভাপতি স্থায়ীভাবে ঢাকায় থাকেন। ২০০৩ সালে বরগুনা পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সভাপতি আবুল কালাম আজাদ মারা যান ২০১০ সালের ফেব্রুয়ারিতে। জেলার পাথরঘাটা, বেতাগী ও আমতলী পৌর কমিটির সম্মেলন হয় না ১০ বছর ধরে। এ ছাড়া দলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর কোনো সম্মেলন হচ্ছে না ১০-১২ বছর ধরে।মূল দলে স্থবিরতার বিরূপ প্রভাব পড়েছে সহযোগী সংগঠনগুলোতেও। জেলা যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের কমিটিও মেয়াদোত্তীর্ণ। জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে গত বছরের ২০ অক্টোবর কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকা থেকে সভাপতি, একজন সহসভাপতি ও সাধারণ সম্পাদক এই তিনজনের নাম ঘোষণা করে। এই কমিটির সাধারণ সম্পাদককে শিবিরের কর্মী আখ্যা দিয়ে কমিটি প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে চিঠি পাঠায় জেলার কমিটি। এর পর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই। ওই কমিটির সভাপতি ইমরান রাসেল বলেন, ‘কমিটি নিয়ে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় আমরা এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। তবে সবাই মিলে পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা চালাচ্ছি।’দলীয় সূত্রে জানা গেছে, বরগুনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন ছাড়া তেমন কিছুই করে না। জেলা সদরে দলীয় কার্যালয় থাকে বেশির ভাগ সময় তালাবদ্ধ। এর প্রভাব পড়েছে এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটিতে দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হন। ফলে একটি ছাড়া সবগুলো ইউনিয়নে দলের মনোনীত প্রার্থীরা পরাজিত হন।সার্বিক বিষয়ে হতাশা ব্যক্ত করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব মৃধা বলেন, বরগুনায় আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এমন বিপর্যয়ে কখনো পড়েনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখন জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সম্মেলন হওয়া জরুরি। দলীয় বেশ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, দলে নতুন যোগ দেওয়া কর্মীরা সরকারি জমি দখল, টেন্ডারবাজিসহ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।সাংগঠনিক স্থবিরতা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, ‘দল কার্যত সাংসদদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুবিধাবাদীদের ভিড়ে দুর্দিনের ত্যাগী কর্মীরা এখন উপেক্ষিত। তাই এখন নেতা-কর্মীরা বরগুনা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন চান।’ জেলা আওয়মী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রথম আলোকে বলেন, ‘সব কমিটি পুরোনো হয়ে গেছে ঠিক। তবে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই আমরা ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত কাউন্সিল করব।’