সুব্রত বাইন ১২ দিনের পুলিশ হেফাজতে
বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইনকে আজ বুধবার ১২ দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন কলকাতা নগর মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক দিলরুবা হোসেন। সুব্রতর বিরুদ্ধে জাল টাকার ব্যবসা, অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার বৌবাজারের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ ও পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাঁকে গ্রেপ্তার করে।কলকাতা পুলিশ সূত্র জানায়, সুব্রত বাইনের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা রয়েছে। ৮ নভেম্বর রাতে সুব্রতসহ ১২ জন নেপালের ঝুমকা কারাগারে সুড়ঙ্গ কেটে পালান। এরপর তিনি চীনে আশ্রয় নিয়েছিলেন। ঢাকায় পুলিশের সূত্র জানায়, ভারতে অবস্থানরত বাংলাদেশের যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে দেওয়া হয়, তার মধ্যে সুব্রত বাইনের নামও আছে।১৯৯১ সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগের নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তাঁর সন্ত্রাসী জীবনের শুরু। এর আগে তিনি মগবাজারে একটি চায়নিজ রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। ২০০৩ সালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর তত্পরতা বেড়ে গেলে সুব্রত ভারতে পালিয়ে যান। সূত্র জানায়, সুব্রত কলকাতায় গা ঢাকা দিয়ে ফোনের মাধ্যমে বাংলাদেশে নিয়মিত চাঁদাবাজি করতেন বলেও অভিযোগ আছে।