সুভাষ দত্তের অবস্থার উন্নতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্তের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। আজ শুক্রবার দুপুরে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে শহরের নতুন বাজার এলাকায় তাঁর বড় মেয়ে শিল্পী দাসের বাসায় নিয়ে আসা হয়। ১০ মে সুভাষ দত্ত ঢাকা থেকে তাঁর বড় মেয়ের পটুয়াখালী শহরের সদর রোডের নতুন বাজার এলাকার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টার দিকে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুভাষ দত্তের মেয়ে শিল্পী দাস জানান, তাঁর বাবা এখন একটু সুস্থ আছেন। বাসায় দুই-চার দিন বিশ্রাম নেওয়ার পর শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে উন্নত চিকিত্সার জন্য তাঁর বাবাকে ঢাকায় নিয়ে যাবেন। পটুয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও স্নায়ু রোগবিশেষজ্ঞ এফ এম আতিকুর রহমান জানান, সুভাষ দত্ত বুকের অসুখে ভুগছে। এখন তাঁর শারীরিক অবস্থা একটু ভালো। তবে তাঁকে ঢাকায় নিয়ে উন্নত চিকিত্সার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে অসুস্থ সুভাষ দত্তের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ সকালেও হাসপাতালে তাঁর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ভিড় করে।