সুমাত্রায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আজ মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অনেক ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ছয় দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্প আজ সকালে সুমাত্রা দ্বীপে আঘাত হানে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভবনের ধ্বংসাবশেষের আঘাতে ১১ বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ছাড়া অনেক বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে দ্বীপের শত শত অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।