জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিরসনে ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক সমিতির সদস্যরা। এ ছাড়া বিষয়টি পুনর্বিবেচনা দাবি জানিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। আজ শনিবার শিক্ষক সমিতির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।অন্যদিকে নিয়মবর্হিভূতভাবে সভা আহ্বান করাসহ বিভিন্ন অভিযোগে শিক্ষক সমিতির সভা বর্জন করেছেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকেরা। এ জন্য শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।বর্তমান উপাচার্যের কাছে শিক্ষক-সমাজের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা তাঁদের আট দফা দাবিসহ সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচার, সাংস্কৃতিক কর্মীদের মারধরের বিচারসহ তিনটি দাবি জানোনা হবে বলে জানিয়েছেন। আজ এক সংবাদ সম্মেলন করে এসব দাবির কথা জানানো হয়।বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জরুরি সাধারণ সভা করে শিক্ষক সমিতি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন। সভায় বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন, অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়ায় অসন্তোষ প্রকাশ এবং যদি সুযোগ থাকে, তবে বর্তমান উপাচার্যের নিয়োগটি পুনর্বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের অনুরোধ ও সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।একই সময়ে শিক্ষক সমিতির সাধারণ সভা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে সভা করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক-সমাজের শিক্ষকেরা। পরে তাঁরা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে অভিযোগ করে বলেন, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় এবং সাধারণ শিক্ষকদের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ ছাড়া শিক্ষক সমিতির গঠনতন্ত্র মোতাবেক ২৪ ঘণ্টা সময় না দিয়ে সভা আহ্বান করায় সভাটি গঠনতন্ত্রের পরিপন্থী। সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক শিক্ষক সমিতির নেতৃত্বদানের নৈতিক অধিকার হারিয়েছেন উল্লেখ করে তাঁরা সমিতির সভাপতি ও সম্পাদকের পদত্যাগের দাবি জানান। এ ছাড়া তাঁরা আচার্যকে ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অভিনন্দন জানান।বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক-সমাজের সম্পাদক অধ্যাপক অসিত বরণ পাল বলেন, নিয়মবর্হিভূতভাবে শিক্ষক সমিতির সভা আহ্বান করা হয়েছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের পরিপন্থী নানা কাজে জড়িত থাকায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নয়জন নির্বাচিত সদস্যসহ সবার মাধ্যমে তাঁদের পদত্যাগের দাবি জানানো হয়েছে।শিক্ষক সমিতির সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, সংগত কারণেই আজ বিকেল তিনটায় সমিতির সভা আহ্বান করা হয়। গঠনতন্ত্রের নিয়ম মেনেই গতকাল শুক্রবার দুপুরে সভার বিষয়ে সবাইকে অবহিত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষক শিক্ষার্থীসহ সবার মতামতের ওপর ভিত্তি করে এবং আলোচনার মধ্য দিয়ে তাঁদের দাবির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।