তত্ত্বাবধায়ক সরকার আমলে জব্দ হওয়া ২৯৭ কোটি টাকা ফেরত দেওয়া বিষয়ে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশনার বিরুদ্ধে আপিল করতে পারে সরকার। তবে রায়ে কোনো দুর্বলতা বা সুযোগ থাকলেই আপিল করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।অর্থমন্ত্রী বলেছেন, হাইকোর্টের রায়ের কপি এখনো সরকারের হাতে আসেনি। কপি পাওয়ার পর বোঝা যাবে আদালত কোন যুক্তিতে এ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়ে কোনো দুর্বলতা পাওয়া গেলে আপিল করা হবে।২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্যাথেলি ডেটেট টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেডের ২৩৭ কোটি এবং এস আলম স্টিল মিলস লিমিটেডের ৬০ কোটি টাকা আদায় করে। টাকা ফেরত চেয়ে ওই দুটি প্রতিষ্ঠান আলাদা রিট আবেদন করলে ২৪ আগস্ট হাইকোর্ট এক রায়ে প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত টাকা তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রী এ বিষয়ে আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন জনের কাছ থেকে এক হাজার ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। পত্রিকায় দেখেছি, দুর্নীতির খেসারত হিসেবে জব্দ করা হয়েছে এসব টাকা। স্বাভাবিক হিসাবেই এ টাকা ফেরত দেওয়ার কোনো কারণ নেই।আর টাকাটা যেভাবে আদায় হয়েছে ও সরকারি কোষাগারে জমা হয়েছে, তাতে ফেরত দেওয়ার কোনো সুযোগও ছিল না বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ওই টাকা ফেরত দিতে গেলে বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। এখন যদিও হাইকোর্টের নির্দেশে সার্বিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আবার হাইকোর্টের নির্দেশ না মানার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিন দরপত্র প্রস্তাব অনুমোদন : ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভিয়েতনাম থেকে এক লাখ টন ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৩০ হাজার টন অর্থাৎ মোট এক লাখ ৩০ হাজার টন চাল আমদানির দরপত্র প্রস্তাবে অনুমাদন দেওয়া হয়েছে। এতে মোট ৩৭২ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া ৭৮ কোটি টাকা ব্যয়ে নয় হাজার ১৩৩ টন কাগজ আমদানির দরপত্র প্রস্তাব এবং যৌথ ভিত্তিতে তিনটি কোম্পানিকে বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দরপত্র প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৩ কোটি ৯১ লাখ টাকা।