সুযোগ থাকলেও উন্নতির বাসটি ধরতে পারছে না বাংলাদেশ
অমিত সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হলেও তা এখন ইতিহাস। বাংলাদেশের সামনে এখন নতুন ভাবমূর্তি। আর তা হলো সম্ভাবনা।চাকরির বাজারে বছরে ২০ লাখ নতুন লোক প্রবেশ করলেও দেশটিতে বছরে ৩০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি খুবই সম্ভব। আগামী ২০ বছরের মধ্যে অর্থনৈতিক শক্তির দিক থেকে বিশ্বের ৩০তম দেশে পরিণত হওয়াও বাংলাদেশের জন্য কঠিন কিছুই নয়।কিন্তু এসব সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদ্যুতের ঘাটতি ও দুর্বল অবকাঠামোই হচ্ছে সুযোগ কাজে না লাগাতে পারার উল্লেখযোগ্য কারণ। সময় ও সুযোগ থাকা সত্ত্বেও উন্নতির বাসটি ধরতে পারছে না বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ২০৩০: উন্নয়ন কৌশল’ শীর্ষক সম্মেলনের প্রথম প্লেনারি অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং যুক্তরাষ্ট্রের বোস্টন ইনস্টিটিউট ফর ডেভেলপিং ইকোনমিজের (বিআইডিই) প্রেসিডেন্ট গুস্তাভ এফ পাপানেক ছিলেন বিশেষ অতিথি। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।নির্ধারিত আলোচক ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেইন গোল্ডস্টেইন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান অধিবেশনের সঞ্চালক ছিলেন। মূল প্রবন্ধে বলা হয়, বিশ্ব অর্থনীতির বর্তমানের ৪৮তম অবস্থান থেকে আগামী ২০ বছরে ৩০তম অবস্থানে উঠে আসতে সক্ষম বাংলাদেশ। বিশ্বের কমপক্ষে তিনটি নামী জরিপকারী প্রতিষ্ঠান এরই মধ্যে বাংলাদেশকে অমিত সম্ভাবনাময় দেশ বলে আখ্যায়িত করেছে।প্রবন্ধে বলা হয়, ১৯৯০ থেকে বর্তমান পর্যন্ত দুই দশকের গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ। তৈরি পোশাক ও প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) উচ্চতর প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধি-সহায়ক অন্যান্য নীতি গ্রহণের কারণে তা সম্ভব হয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে প্রবৃদ্ধি বাড়িয়ে মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে আগে সাতটি অগ্রাধিকার খাতের সমাধান করা জরুরি। এগুলো হচ্ছে: অবকাঠামোগত ঘাটতি দূর, নতুন বাজার খোঁজা, দক্ষ শ্রমিক তৈরি, কৃষি খাত নিয়ে নতুন ভাবনা, যথাযথ নগরায়ণ কৌশল প্রণয়ন, আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তির দীর্ঘমেয়াদি উপায় বের করা।এতে বলা হয়, প্রতিবেশী ভারত, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে। আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে তৈরি পোশাকের নতুন বাজার রয়েছে, তা কাজে লাগাতে হবে। স্বল্প মেয়াদে জাহাজ নির্মাণ, পাট ও হিমায়িত খাদ্য রপ্তানি করা যেতে পারে। তবে দীর্ঘ মেয়াদে ভাবা যেতে পারে ওষুধ, হালকা প্রকৌশল ও চামড়া খাতের কথা।হোসেন জিল্লুর বলেন, দেশের মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বসবাস নিয়ে নগরায়ণ বর্তমানে একটি নতুন বাস্তবতা। কিন্তু নীতিনির্ধারকেরা অনেক সময়ই তা মানতে চান না। অন্যদিকে কৃষির উপ খাত মৎস্য, পশুপালন, দুগ্ধ এবং বনজ সম্পদও সরকারের কাছে অবহেলিত। এ ছাড়া দক্ষ শ্রমিক তৈরিতে কারিগরি শিক্ষা বোর্ডের স্বায়ত্তশাসন দেওয়া, অবকাঠামোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ, গভীর সমুদ্রবন্দর ও মংলা বন্দরের সম্প্রসারণ, চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত রাস্তা নির্মাণের উদ্যোগ এবং উপকূলীয় এলাকায় সমন্বিত বাঁধ তৈরির পরামর্শ দেন তিনি।বিনিয়োগ লক্ষ্যমাত্রা কি জিডিপির ২৪ শতাংশেই আটকে থাকবে—এমন প্রশ্ন উত্থাপন করে বিনিয়োগের এই স্বল্পতম হারকেই সবচেয়ে বড় ঝুঁকি বলে উল্লেখ করেন হোসেন জিল্লুর। এর পাশাপাশি আরও চার ঝুঁকির কারণে সব পরিকল্পনাই ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি। এগুলো হচ্ছে: বিদ্যুতের ঘাটতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও দক্ষতার অভাব। এসব কারণে অমিত সম্ভাবনার বাংলাদেশ ‘মিস-দ্য-বাস-সিনড্রোম’ হয়ে যেতে পারে।গুস্তাভ এফ পাপানেক বলেন, বাংলাদেশের রপ্তানি পরাশক্তির দেশ হওয়ার সুযোগ রয়েছে। দেশটির মধ্যে তিনি ‘পরবর্তী চীন’ দেখছেন। এর রয়েছে বিশাল শ্রমবাজার। বর্তমানে যেখানে কোনো রকমে বছরে ১০ লাখ লোকের কর্মসংস্থান হয়, তা বেড়ে গিয়ে হবে ৩০ লাখ। অথচ দেশটি তা কাজে লাগাতে পারছে না।কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার উদাহরণও সামনে রাখতে পারে বলে তিনি পরামর্শ দেন। মাত্র পাঁচ বছরে দ্বিগুণ উৎপাদন এবং ৫০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে ইন্দোনেশিয়ায়। কিন্তু উচ্চতম দুর্নীতি, দুর্বলতম অবকাঠামো, উচ্চতর আমদানি খরচ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা—এসব কারণে বাংলাদেশ ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করেন পাপানেক।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রবন্ধের সারকথার সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর দেশ। এটাই বড় সমস্যা। কৃষি খাতের উন্নয়ন এবং সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুবই ঝুঁকির মধ্যে আমরা।’ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান।এ সময় ক্ষোভের সঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট দেওয়ার কথা হচ্ছে, করিডর-সুবিধা নয়। যারা করিডরের কথা বলছে, তারা না বুঝেই বলছে। তারা আসলে বোকা।’প্রতি সাত বছরে জাতীয় আয় দ্বিগুণ করার সম্ভাবনার কথা জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, রেমিটেন্স, রপ্তানিসহ কয়েকটি খাতে বাংলাদেশ ভালো করলেও আরও ভালো করার সুযোগ পড়ে রয়েছে। প্রবৃদ্ধির হার বৃদ্ধি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, কেউ হেঁটে যেতে পারে, আবার কেউ দৌড়েও যেতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে টেকসই প্রবৃদ্ধি। এটি আনতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, দুর্নীতি রোধ, অংশীদারিত্বমূলক গণতন্ত্র ও ক্ষমতার বিকেন্দ্রীকরণই আগামী দিনের বাংলাদেশকে বদলে দিতে পারে বলে মনে করেন তিনি।এলেইন গোল্ডস্টেইন বলেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে দুর্নীতি রোধ ও সুশাসনের দিকে মনোযোগ দিতে হবে।