সুযোগ দিন, বাংলাদেশের চেহারা পাল্টে দেব
ক্ষমতায় গেলে ব্যাপক উন্নয়ন করে দেশের চেহারা পাল্টে দেবেন বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। চেহারা পাল্টে দিতে না পারলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ারও অঙ্গীকার করেছেন তিনি।আজ সোমবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠে ১৮-দলীয় জোট আয়োজিত এক বিশাল জনসভায় খালেদা জিয়া এ প্রতিশ্রুতি দেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবিতে এ জনসভা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি সুযোগ দেন, আমি যদি বাংলাদেশের এ চেহারা পরিবর্তন করতে না পারি, তাহলে যে শাস্তি দেবেন, মাথা পেতে নেব।’ জনসভায় খালেদা জিয়া ৩৬ মিনিট বক্তব্য দেন। এ সময় বেলস পার্ক মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের তিন দিকের রাজা বাহাদুর সড়ক, বান্দ রোডসহ আশপাশের রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে বক্তৃতা শোনেন। বরিশালের ছয় জেলা থেকে জনসভায় যোগ দেন হাজার হাজার নেতা-কর্মী। বিএনপির চেয়ারপারসন ছয়বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে লুটপাট; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; শেয়ারবাজার, হল-মার্ক ও ডেসটিনির দুর্নীতির জন্য সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘চোরদের দিয়ে দেশে কোনো উন্নতি হয় না।’ খালেদা জিয়া মন্তব্য করেন, আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা হচ্ছে মুখোশ মাত্র। তিনি বলেন, কেরানীগঞ্জে পরাগ মণ্ডলকে ছাত্রলীগ অপহরণ করেছে। শোনা যায়, এর সঙ্গে এক মন্ত্রীর ভাগনে জড়িত। ছাত্রলীগের কড়া সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘ছাত্রলীগ একটা দানব হয়ে গেছে। ছাত্রলীগ অস্ত্র নিয়ে ঘুরছে। কিন্তু পুলিশকে বাধ্য করা হয় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আজও তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলেছে।’ আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকা দলগুলোর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘অন্য দল, এখনো যারা চোরদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আছে, তাদের বলব, চোরদের থেকে বেরিয়ে আসুন। নইলে কিন্তু তাদের দায়ভার আপনাদেরও বহন করতে হবে।’টাঙ্গাইলের উপনির্বাচনের উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, টাঙ্গাইলের মানুষ নৌকা ডুবিয়ে দিয়েছে। আগামী দিনে নদীমাতৃক বরিশালের মানুষও নৌকা ডুবিয়ে দেবে।বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহম্মেদ, আলতাফ হোসেন চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের আমির মুহাম্মদ ইসহাক, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রমুখ।