সুযোগ পেলেই ভোটাররা বিএনপিকে ভোট দিচ্ছে : খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার জনসমর্থনশূন্য হয়ে পড়েছে। পৌরসভা নির্বাচনের বিজয় প্রমাণ করে জনগণকে দেওয়া ওয়াদা পালনে সরকার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সুযোগ পেলেই ভোটাররা এখন বিএনপিকে ভোট দিচ্ছে। আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। খন্দকার মোশাররফ বলেন, এখন যে তিনটি বিভাগের পৌরসভা নির্বাচন বাকি আছে, সেখানে যদি জবরদস্তি করা না হয়, তাহলে এগুলোতেও বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিএনপির এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সরকার বিরোধী দলের বিরুদ্ধে মামলা-হামলার পথ বেছে নিয়েছে। তবে সঠিক সময়ে জনগণই এর জবাব দিয়ে দিচ্ছে। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ যেসব ওয়াদা করে ক্ষমতায় এসেছিল, তা থেকে এখন অনেক দূরে সরে গেছে। নির্বাচন কমিশন দুইবার ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন ঘোষণা করেছিল। কিন্তু পরাজয়ের ভয়ে সরকার নির্বাচন বন্ধ করে দিয়েছে। কিন্তু জনগণ পৌরসভায় সুযোগ পেয়েই এর জবাব দিয়েছে। জাসাস মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর আলম শিকদারের সভাপতিত্বে বিএনপির নেতা সাংসদ মাহবুব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, জাসাস নেতা মো. আবদুস সালাম, রেজাবুদ্দৌলা চৌধুরী, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ সভায় বক্তব্য দেন।