সুযোগ ব্যবহারে স্বচ্ছতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের ধরন জানা ছিল সুদূর ’৭৪ সালেই। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দূরদর্শিতা দেখিয়ে উদ্যোগ নেওয়া হলে দুই দেশের সঙ্গে বিরোধ মেটানোর পাশাপাশি মহীসোপানের দাবিরও সুরাহা হতো অনেক আগেই। সম্প্রতি সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ে বাংলাদেশের জয়লাভের ফলে ব্যাপকভাবে সামুদ্রিক সম্পদ আহরণের যে সুযোগ তৈরি হলো, তার সুফল পেতে জনবল তৈরির জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে। গতকাল রোববার প্রথম আলো আয়োজিত ‘সমুদ্রসীমা জয়: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন। প্রায় আড়াই ঘণ্টার এ আলোচনায় ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ প্রক্রিয়ায় বাংলাদেশের অন্যতম নেতৃত্বদানকারী কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খুরশেদ আলম চার দশক ধরে এ প্রক্রিয়া কীভাবে চলেছে এবং সর্বশেষ যে রায় হয়েছে তা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এরপর বিভিন্ন বক্তা তাঁকে প্রশ্ন করার পাশাপাশি তাঁদের মত দেন। শুরুতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ ২০১৪ সালে নিষ্পত্তির কথা, যাতে বাংলাদেশের জন্য আরও সম্ভাবনার দুয়ার খুলে যাবে। আশা করি, মিয়ানমারের মতো ভারতের সঙ্গে এমন একটি রায় পাব। এ সুযোগগুলো মানুষের স্বার্থে স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করতে পারব। আমাদের আশা থাকবে, সামুদ্রিক সম্পদ আহরণে পেট্রোবাংলাকে শক্তিশালী করা হবে, যাতে বিদেশিদের ওপর নির্ভর করা না হয়।’ সুযোগ ছিল অনেক আগেই: খুরশেদ আলম তাঁর উপস্থাপনায় বলেন, ‘আশির দশকে কিংবা তার পরও যদি সচেতন হতাম, তাহলে সমুদ্রসীমার বিরোধের আরও সহজভাবে সমাধান সম্ভব হতো। দুঃখের বিষয় হচ্ছে, ভারত ও মিয়ানমার যেভাবে রেখা টানছে, তাতে যে আমরা ১৩০ নটিক্যাল (নৌ) মাইলে যে আটকে যাচ্ছি, তা জানা ছিল। কিন্তু কেন জানি না, নীতিনির্ধারণী মহল তা কানে তোলেনি।’ পালে হাওয়া বর্তমান সরকারের আমলে: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের এপ্রিলে নৌবাহিনীর সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তা খুরশেদ আলমকে অতিরিক্ত পররাষ্ট্রসচিব পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, ‘নিয়োগ পাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ে বোঝাতে সক্ষম হই, জরিপ ছাড়া মহীসোপানের দাবি তুলে ধরা যাবে না। এ জন্য সরকারের কাছ থেকে ৮০ কোটি টাকার বাজেট পাই। আমাদের সৌভাগ্য, এ সময় প্রশান্ত মহাসাগর থেকে দেশে ফিরছিল একটি ডাচ জরিপ জাহাজ। আমাদের অনুরোধে তারা জরিপের কাজ করে দেয়। আর এতে খরচ হয় ৩২ কোটি টাকা।’ খুরশেদ আলম বলেন, ‘আশির দশক থেকে নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ চেয়ে আসছি। শেষ পর্যন্ত ২০১০ সালের সেপ্টেম্বরে জরিপ জাহাজ আসে। এ জাহাজের মাধ্যমে আমরা ডিসেম্বর থেকে সমুদ্রের প্রায় দুই হাজার ৫০০ মিটার পর্যন্ত জরিপ শেষ করি। আর ২৫ ফেব্রুয়ারিতে জরিপের পাওয়া তথ্য মহীসোপান নির্ধারণবিষয়ক জাতিসংঘের কমিশনে (সিএলসিএস) দাবিনামা পেশ করেছি। ২০১০ সালে ওই জরিপ শেষ করতে না পারলে আমাদের সমস্যায় পড়তে হতো। কারণ, মিয়ানমার ২০০৮ সালের ডিসেম্বর আর ভারত ২০০৯ সালের মে মাসে সিএলসিএসে দাবিনামা পেশ করেছে। তবে জাতিসংঘের দাবি মেনে ভারত ও মিয়ানমারের দাবির বিপক্ষে আপত্তি তুলে ধরে বাংলাদেশ। ফলে ওই দুই দেশের মহীসোপানের দাবির সুরাহা এখনো হয়নি।’প্রসঙ্গ ইটলসে বিজয়: মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশের যুক্তি প্রসঙ্গে খুরশেদ আলম বলেন, ‘ইটলসে আমরা জানিয়েছি, সমদূরত্বের ভিত্তিতে সিদ্ধান্ত দিলে বাংলাদেশ বঞ্চিত হবে। ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের মতো পরিস্থিতিতে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ড ছিল। যেখানে জার্মানির পক্ষে রায় গেছে। তখন আমরা জোরালোভাবে বলি, আমাদের দেখিয়ে যদি জার্মানি জেতে, তবে রায় আমাদের পক্ষে থাকা উচিত। শেষ পর্যন্ত ইটলস বাংলাদেশের পক্ষে রায় দেয়।’ আলোচনায় অংশ নিয়ে সাবেক নৌবাহিনীর প্রধান এম এইচ খান বলেন, কারিগরি প্রযুক্তির সঙ্গে যদি রাজনৈতিক সদিচ্ছার মিশেল না থাকে, তাহলে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না। আর এ ধরনের জটিল সমস্যায় তো বটেই।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশের সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নৌমাইল বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং মহীসোপানের পরিধি উপকূল থেকে ৪৬০ নৌমাইল। এখানে কিন্তু আমরা হতাশ নয়, আশাবাদী হতে পারি।’ তিনি বলেন, সম্প্রসারিত মহীসোপানের সামুদ্রিক সম্পদে দাবি কেবল উপকূলীয় দেশের দাবি নয়। এখানে একচেটিয়াভাবে আহরণের সুযোগ নেই। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেখানে সব দেশের সমান অধিকার থাকবে। প্রয়োজন গ্যাস ব্লক পুনর্নির্ধারণ: এ রায়ের ফলে গভীর সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের পথ সুগম হবে—এমনটাই সবার আশা। তবে আদালতের রায়ের ফলে নতুন করে এসব ব্লক ফের ঠিক করতে হবে। এ প্রসঙ্গে খুরশেদ আলম বলেন, ‘আমরা যে ২৮টি ব্লক ঠিক করেছি, তার ১৭টি ভারত ও ১০টি মিয়ানমার দাবি করেছিল। আর আমরা এটি করেছি আমাদের ২০০ নৌমাইলে দাবি নির্ধারিত হওয়ার আগেই। আমরা সোজাসুজি রেখা টেনে এটা করেছিলাম। বর্তমানে যেভাবে ইটলসের রায়ের সমুদ্রসীমার রেখা টানা হলো, তাতে অন্তত কয়েকটি মিয়ানমারের দিকে চলে গেছে। তবে অন্যদিকে আমরা কিছু জায়গা বেশি পাব।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, ‘প্রথমে মনে হয়েছিল আমাদের গ্যাস ব্লকগুলো চলে গেছে। এটা বোধ হয় বলা যাবে না আমাদের পরাজয় হয়েছে। এখানে অনেকগুলো আইনি বিষয় রয়েছে। তাই নতুন করে গ্যাস ব্লক নির্ধারণ করতে হবে।’আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম এখনই গ্যাস ব্লকের বিষয়ে আলোচনা না করার পক্ষে যুক্তি দেখান। তাঁর মতে, এখনই গ্যাস ব্লক নিয়ে আলোচনার সুযোগ নেই।সুরাহা আদালতে, আলোচনায় নয়: ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি আদালতে না আলোচনার মাধ্যমে সুরাহা হবে—এ প্রসঙ্গ উঠলে একাধিক বক্তা আদালতের পক্ষেই রায় দেন। এ প্রসঙ্গে সাবেক নৌবাহিনী প্রধান এম এইচ খান বলেন, ‘আমি মনে করি যথাযথ আইনি প্রক্রিয়ার বাইরে অন্য কোনো উপায়ে ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা করা উচিত হবে না। এটি আবেগের বিষয় নয়, বন্ধুতার বিষয় নয়। দুনিয়াতে কেউ কারও বন্ধু নয়। আমাদের এটা বুঝতে হবে যে পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আমাদের দাবির পক্ষে অনেক যুক্তি আছে। কাজেই এর ভিত্তিতে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের দাবি প্রতিষ্ঠিত করতে সক্ষম। কাজেই আমাদের তো ভয়ের কোনো কারণ নেই।’ জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের শক্তির দিক ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইটলসে মিয়ানমারের বিরুদ্ধে আমরা সমাধান পেয়েছি। জরিপসহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটাই আমাদের বড় শক্তি। কাজেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে হবে। ভারতের সঙ্গে গোপনে, নরম কিংবা শৈথিল্য দেখিয়ে আর ছাড় দিয়ে যেন কোনো আলোচনা না করে।’জরুরি দক্ষ জনবল তৈরি: সামুদ্রিক সম্পদ আহরণে দেশে দক্ষ জনবল তৈরির ওপর মত দেন এম এইচ খান। এ প্রসঙ্গে এ প্রসঙ্গে খুরশেদ আলম গোলটেবিল বৈঠকে জানান, সামুদ্রিক বিদ্যা বিভাগ চালু করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এ ব্যাপারে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের সম্মতির কথা জানিয়েছে। আশা করা যায়, সিনেটের অনুমোদন পেলেই আগামী বছর থেকে এ বিভাগ চালু হবে। খুরশেদ আলম বলেন, এখন শুধু তেল, গ্যাস, মাছ নয়; এর সালফাইট, কপার, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, নিকেলসহ বিরল আকর রয়েছে। কাজেই জনবল তৈরির যে চেষ্টা চলছে, তা তৈরিতে চার-পাঁচ বছর লাগবে। তিনি বলেন, ‘ভারতের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ে সামুদ্রিক বিদ্যা বিভাগ রয়েছে ১৯৬০ সাল থেকে। ইতিমধ্যে ভারত পলিমেটালিক নডিউল (মূল্যবান আকর) আহরণ শুরু করেছে। আর আমরা এখনো জানি না, বাংলাদেশের এ সম্পদ আছে কি না!’এ প্রসঙ্গে মহাসাগর ও সমুদ্রবিষয়ক জাতীয় ইনস্টিটিউটের চেয়ারম্যান এ এ জিয়াউদ্দিন আহমদ বলেন, এ রায়ের ফলে দেশের সমুদ্র সম্পদ আহরণে নিজেদের দক্ষ জনবল গড়ে তুলতে হবে। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।