সুর পাল্টালেন যোগাযোগমন্ত্রী
পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহার প্রসঙ্গে সুর পাল্টেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার যোগাযোগমন্ত্রী বলেছিলেন, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হবে। এতে বিশ্বব্যাংকের ঋণের চেয়ে কম খরচের সম্ভাবনার রয়েছে। কিন্তু আজ সোমবার বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের কাছে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত সম্পর্কে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন।আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করেছেন। নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট যেন তদন্তাধীন একটি বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত সম্পর্কে নতুন করে ভাবেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এতে ওবায়দুল কাদের তদন্ত না করে বিশ্বব্যাংক এভাবে একটি দেশকে শাস্তি দেবে কি না, তা আবার বিবেচনা করতে নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। বন্ধু দেশগুলোকেও বিশ্বব্যাংকের প্রতি এই আহ্বান জানানোর অনুরোধ করেন যোগাযোগমন্ত্রী।পদ্মা সেতুতে এডিবির ঋণচুক্তি বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণসহায়তা প্রকল্পের প্রধান অংশীদার (লিড পার্টনার) ছিল। বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলে স্বাভাবিকভাবেই অন্যরাও তা অনুসরণ করবে।এর আগে গতকাল নিজ মন্ত্রণালয়ে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নিয়ে চমক অপেক্ষা করছে। তিনি বলেছিলেন, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু করা হলে জনগণের ওপর আর্থিক চাপ সহনীয় পর্যায়ে থাকবে। বিশ্বব্যাংকের ঋণের চেয়েও খরচ কম হতে পারে বলে দাবি করেন তিনি।