সুর পাল্টেছেন সুরঞ্জিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর থেকেই আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তাঁর সুর পাল্টেছেন। সুরঞ্জিত সংবিধানকে অপরিবর্তনযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মতামতেরই প্রতিফলন ঘটে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মতো দেশে নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতি (ইভিএম) নিরাপদ নয়। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপির অনেক আশঙ্কা আছে। তিনি বলেন, বিএনপি আশা করে, নির্বাচন কমিশন জনগণের ইচ্ছার বিরুদ্ধে জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করবে না।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন। স্থানীয় রাজনৈতিক দলগুলো ঠিক করবে, তারা ওই নির্বাচনে অংশ নেবে কি না। তবে বিএনপি কখনো জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি মেনে নেবে না।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির নেতা ফখরুল বলেন, দলীয় নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। ইউএনবি।