সুরক্ষা শিক্ষাও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু প্রথম যৌন নির্যাতনের শিকার হয় পরিবারেই। এ বিষয়টি নিয়ে পরিবারে ও সমাজে নীরবতা পালন করা হয়। আর আমাদের মধ্যে চুপ করে সহ্য করার এক ধরনের প্রবণতা আছে। এসব কারণে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। তাই সুরক্ষা শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। গত ২২ ডিসেম্বর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘সুরক্ষা শিক্ষা বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলা হয়। বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী কমিটির সদস্য ও অনুষ্ঠানের সভাপতি সামিয়া আফরিন বলেন, ‘সংবাদকর্মীদের মাধ্যমে যেকোনো স্তরে তথ্য পৌঁছানো সম্ভব। নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সহজেই বিষয়টি তুলে ধরা সম্ভব হবে। সুরক্ষা বলতে এমন এক ধরনের শিক্ষা বোঝায়, যা শিশুকে (১৮ বছর কম বয়সী) শারীরিক ও যৌন নিরাপত্তার বিষয়ে বয়স উপযোগী তথ্য দেয়; যা তাকে নির্যাতন থেকে রক্ষা পাওয়ার দক্ষতা অর্জনে সাহায্য করে। তাই এ বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। বলেন এ সংস্থার জ্যেষ্ঠ কর্মসূচি সমন্বয়ক রোকসানা সুলতানা। তবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার চেয়ে অভিভাবককে ভালো করে বোঝানো দরকার। পাঠ্যপুস্তকে দেওয়া তথ্য বা বক্তব্য যেন শিশুকে সন্দেহপ্রবণ করে না তোলে, সেদিকেও নজর দিতে হবে। এসব কথাও উঠে আসে আলোচনায়। এ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন সুইডেন ও ডেনমার্কের প্রতিনিধি শামছুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম, ঢাকা শিশু হাসপাতালের মনোচিকিত্সক মনোয়ারা পারভীন বক্তব্য দেন।