সুরক্ষায় রয়েছে গলদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাল আতাতুর্ক এভিনিউর বনানী মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় র‌্যাবের সদস্যরা থামালেন এক মোটরসাইকেলচালককে। লাইসেন্স, কাগজপত্র, মাথায় হেলমেট—সব থাকার পরও চালককে র‌্যাবের সদস্যদের জেরার মুখে পড়তে হলো পেছনে বসে থাকা সহযাত্রীর মাথায় হেলমেট না থাকার কারণে।নগরের রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেলে চাপলে এ ধরনের জেরার মুখে পড়তে হতে পারে। কারণ, আগামী ১ নভেম্বর থেকে হেলমেট পরা বাধ্যতামূলক হচ্ছে নগরের মোটরসাইকেলচালক ও আরোহীদের জন্য। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো বা সওয়ার হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএর এই নির্দেশনা বাস্তবায়নের জন্য রাজপথে তৎপর থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্টরা। তাই শাস্তি এড়াতে অনেক মোটরসাইকেলচালক কম দামি ও হালকা-পাতলা হেলমেট কেনার দিকে ঝুঁকছেন। কিন্তু যেনতেন হেলমেটে মোটরসাইকেল আরোহীর নিরাপত্তা নিশ্চিত হয় না বলে জানালেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা। আর হেলমেট পরার ফরমান জারি করা বিআরটিএর বিধিতেই উল্লেখ নেই, হেলমেটের ধরন কেমন হবে।‘মাথার চুল উড়াইয়া হুন্ডা চালাবার দিন ফুরাইয়া আইতাছে। হেলমেট না থাকলে পুলিশের প্যাদানি খাওন লাগবো যে। এহন তাই সবাই ছুটতাছে হেলমেট কিননের লাইগ্যা।’ হাসি হাসি মুখে কথাটি বলছিলেন বংশালের সুমাইয়া অটো হাউসের হেলমেট বিক্রেতা রহমতউল্লাহ। এ মাসে মোটরসাইকেলের চালকদের মধ্যে হেলমেট কেনার তাড়া চোখে পড়ার মতো। বংশালের কনকর্ড এন্টারপ্রাইজে হেলমেট কিনতে এসেছিলেন চাকরিজীবী শামীম রহমান। সামর্থ্য আর পছন্দের ওপর ভিত্তি করেই শামীম হেলমেট কিনতে এসেছেন। তিনি বললেন, ‘আমাদের প্রত্যেকেরই উচিত নিজের নিরাপত্তার কথা ভেবেই হেলমেট ব্যবহার করা। দুই চাকার বাহনে দুর্ঘটনা কখন ঘটে যায়, তা তো বলা যায় না।’ শামীমের সুরে সুর মিলিয়ে আরেক ক্রেতা বলে ওঠেন, ‘অনেকে মনে করেন, হেলমেট পরে বাইক চালালে ঠিক ভাব আসে না। তাঁরা আসলে নিজেরাও বোঝেন না যে হেলমেট পরে বাইক চালানোর মধ্যেই স্মার্টনেস ফুটে ওঠে।’ তাঁদের কথার সত্যতা মিলল দোকানে সাজানো হেলমেটের পসরা দেখে। হেলমেটের রঙের বাহার দেখে চোখে ধাঁধা লাগতেও পারে। কালো, লাল, সাদা, নীল রং থেকে শুরু করে আকর্ষণীয় নকশার হেলমেট পাওয়া যায় নগরের দোকানগুলোতে। হেলমেটের ধরন আর গড়নেও রয়েছে ভিন্নতা। সাধারণত তিন ধরনের হেলমেট রয়েছে বলে জানালেন হেলমেট নির্মাতা ও বিপণন কোম্পানি কনকর্ড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাসির। ক্যাপ, হাফ ও ফুল নামে পরিচিত হেলমেটগুলো। মাথার ওপর একপ্রস্থ শেডযুক্ত ক্যাপ হেলমেটটা দেখতে অনেকটা কাপড়ের টুপির মতোই। মাথা থেকে কানের ওপরের অংশ পর্যন্ত ঢাকা থাকে এই ক্যাপ হ্যালমেটে। মাথা থেকে ঘাড়ের গর্দান পর্যন্ত বিস্তৃত কিন্তু থুতনির নিচে কোনো আস্তরণ নেই—এ ধরনের হেলমেটের নাম হাফ হেলমেট। আর মাথা থেকে শুরু করে কান-কাঁধ ও থুতনির নিম্নাংশ পর্যন্ত ঢাকা থাকে ফুল হেলমেটে।মোটরসাইকেলের সওয়ারিদের ভালো মানের হেলমেট পরা উচিত, তা জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. শামসুল হক। তিনি বলেন, ‘মোটরসাইকেলের হেলমেটটি মূলত পরা হয় নিরাপত্তার জন্য। তাই ঘাড় থেকে শুরু করে কান পর্যন্ত ঢাকা হেলমেটটিই মোটরসাইকেলের চালকদের জন্য। অন্য অনেক হেলমেট আছে, কেবল মাথার ওপরে ছাউনির মতো থাকে, এগুলো নির্মাণশ্রমিকেরা ব্যবহার করেন। দুর্ঘটনায় আঘাত পাওয়ার হাত থেকে বাঁচতে এ হেলমেট কার্যকর নয়।’কোন ধরনের হেলমেট পরতে হবে—এ প্রশ্নের জবাবে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বলেন, ‘হেলমেট পরা হয় নিরাপত্তার জন্য। মাথাটা বাঁচাতে পারে, এ রকম হেলমেট পরাই উচিত। তবে কোন ধরনের হেলমেট পরা যাবে, এ নিয়ে মোটরযান বিধিতে নির্দিষ্ট কিছু উল্লেখ করা নেই।’ একই প্রশ্নের উত্তরে ডিএমপির ট্রাফিক (দক্ষিণ) বিভাগের এডিসি জাহেদুল আলম বলেন, ‘মাথা থেকে কাঁধ পর্যন্ত ঢাকা থাকে—এ ধরনের হেলমেট পরতে হবে। অন্যগুলো পরে বাইক চালানো যাবে না।’হেলমেট ছাড়া মোটরসাইকেলে চাপলে ১ নভেম্বর থেকে বাংলাদেশ মোটরযান বিধিমালা অনুযায়ী দুটি ধারায় মামলা করা হবে বলে জানান তপন কুমার সরকার। প্রথমটি হলো ২০০ টাকা জরিমানার ১৩৭ ধারা। অন্যটি ১৪০ ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড অথবা এক মাস কারাবরণ কিংবা অর্থদণ্ড ও কারাবাস উভয়ই।