সুরঞ্জিত, কাদের মন্ত্রী হলেন, হাছান মাহমুদের পদোন্নতি
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন।গতকাল সোমবার রাত আটটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।২০০৯ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের মন্ত্রিসভা গঠিত হয়। এরপর একই বছরের ২৪ জানুয়ারি এবং ২৫ জুলাই দুই দফায় মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত হয়। গতকাল আরেক দফায় আরও দুজন নতুন মন্ত্রী হলেন। এ নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৬ জন। তাঁদের মধ্যে ২৭ জন মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী।বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে এখন পর্যন্ত কেউ বাদ পড়েননি। তানজিম আহমদ সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে তাঁকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে দেখানো আছে।প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত প্রথমবারের মতো মন্ত্রী হলেন। এর আগে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রথম সময় মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন। ওবায়দুল কাদের একই সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। হাছান মাহমুদ ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।এক প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘রাজনীতিবিদদের জীবনে সাংবিধানিকভাবে শপথ নিয়ে দায়িত্ব পালন করা সর্বোচ্চ সুযোগ ও সম্মান। এত কিছুর সীমাবদ্ধতার মধ্যেও নেত্রী যা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ, আমি অভিভূত।’ ওবায়দুল কাদের গতকাল কোনো প্রতিক্রিয়া দেননি।হাছান মাহমুদ বলেন, ‘প্রতিমন্ত্রী থাকাকালে আমি নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করেছি। পদোন্নতি আমার দায়িত্ব আরও শাণিত করবে।’দুই বছর ধরেই সরকারের মন্ত্রিসভার রদবদল নিয়ে গুঞ্জন ও গুজব ছিল। সর্বশেষ সরকারের কয়েকজন মন্ত্রীর পদত্যাগের গুজবও ওঠে। তবে সবকিছু ছাপিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন।নতুন দুই মন্ত্রীর নিয়োগ সম্পর্কে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত অভিজ্ঞ রাজনীতিক। সাংসদ হিসেবে তাঁর সুখ্যাতি আছে। ওবায়দুল কাদেরের প্রতিমন্ত্রী হিসেবে অভিজ্ঞতা রয়েছে। তাঁরা বাইরে সরকারের দোষত্রুটি তুলে ধরতেন, প্রশংসাও করতেন। আশা করি, এখন তাঁরা সরকারে গিয়ে নতুন পরিবেশ সৃষ্টি করবেন, আত্মসমালোচনা করবেন, সরকারের দোষত্রুটি বিশ্লেষণ করার মনোভাব দেখাবেন।’