মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের বলেছেন, এ ঘটনা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল না। তবে ঘটনাটি ছিল অস্বাভাবিক।অবশ্য রেলমন্ত্রী থাকা অবস্থায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, অর্থ কেলেঙ্কারির ঘটনাটি সংঘবদ্ধ গোষ্ঠীর ষড়যন্ত্র হতে পারে। রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সুরঞ্জিত জড়িত কি না, কমিটির কর্মপরিধি অনুযায়ী তা তদন্তের কোনো সুযোগই ছিল না। তদন্ত কমিটিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা দিয়ে কোনোভাবে রেলমন্ত্রীর সংশ্লিষ্টতা বের করতে পারার কথা নয়।গতকাল রোববার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীরের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান আবু তাহের। কমিটির অপর সদস্য রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহ। এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গাড়িচালক আলী আজম খানের বক্তব্য ছাড়াই। প্রতিবেদনে কী আছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে সুরঞ্জিতের অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বক্তব্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে। পিলখানায় ধরা পড়া অর্থ নিজের বলে তদন্ত কমিটিকে জানিয়েছেন ওমর ফারুক। এই টাকার সঙ্গে রেলের কর্মকর্তা বা মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে। সরকারি কাজ ছাড়া এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে বিভাগীয় শাস্তি দেওয়া। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক দায়িত্বের বাইরে গিয়ে পিলখানায় ধরা পড়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা ও সতর্ক করার সুপারিশ করা হয়।গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ সুরঞ্জিতের অব্যাহতি পাওয়া এপিএস ওমর ফারুক তালুকদার এবং ওই দুই কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান কার্যালয় পিলখানায় ধরা পড়েন। তাঁরা মধ্যরাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিলেন বলে জানান। টাকার সঙ্গে ইউসুফ আলী মৃধা ও এনামুল হক সংশ্লিষ্ট ছিলেন কি না, জানতে চাইলে আবু তাহের বলেন, ফারুক জানিয়েছেন, টাকার সঙ্গে মৃধা বা এনামুল জড়িত ছিলেন না।এ ঘটনায় আট বিজিবি সদস্যসহ ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উল্লেখ করে আবু তাহের বলেন, গাড়িচালক আলী আজম খান ছাড়া অন্য সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজমকে জিজ্ঞাসাবাদ ছাড়া তদন্ত সঠিক হবে কি না—জানতে চাইলে তাহের বলেন, ‘আমার মনে হয় না তদন্ত অপূর্ণাঙ্গ হবে।’ চালক এখনো নিখোঁজ: ঘটনার এক মাস পরও চালক আলী আজম খানের কোনো হদিস মেলেনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তিনি পলাতক। রেলপথ মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটিও আজম খানের সন্ধান পায়নি।গতকাল রাতে আজম খানের ভাই শাহ আলম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত আজমের কোনো খোঁজ পাননি তাঁরা। আজমের স্ত্রী ঢাকায় থাকেন। গত শনিবার এক অচেনা যুবক এসে তাঁর ভাবিকে শাসিয়ে গেছেন বলে জানান তিনি।দুদকের নোটিশ: অর্থ কেলেঙ্কারির ঘটনায় ফারুক, মৃধা ও মৃধার স্ত্রী, এনামুল ও তাঁর স্ত্রীর সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য আজ নোটিশ পাঠাবে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।