সুরঞ্জিতকে গ্রেপ্তারের দাবি
রেলওয়ের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি এই দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে মনে হবে সরকারের সবাই এর সঙ্গে জড়িত। আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে খন্দকার মোশাররফ এ কথা বলেন। যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর গাড়ির চালকই সত্য কথা বলছেন। মানুষ বিশ্বাস করে, রেলওয়ের ১০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত।খন্দকার মোশাররফ বলেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সোনালী ব্যাংকের শুধু একটি শাখা জড়িত নয়, পুরো পরিচালনা পর্ষদ এ ঘটনার জন্য দায়ী। এ জন্য পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। কিন্তু পরিচালকেরা দলীয় লোক হওয়ায় তাঁদের বাঁচানোর জন্য শুধু হলমার্ককে দায়ী করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধপল্লিতে হামলার ঘটনার পেছনে সরকারের ‘হাত আছে’ বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘সরকারের হাত না থাকলে, পুলিশ ও প্রশাসন নীরব না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না।’ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, কালো বিড়াল বেরিয়ে আসছে। এর বিচার না করলে জনগণ নির্বাচনের মাধ্যমে বিচার করবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।