সুরঞ্জিতকে তলব করলেন প্রধানমন্ত্রী
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী তলব করায় তিনি দেখা করেন। সূত্র জানায়, রাত সাড়ে আটটার সময় সুরঞ্জিত সেনগুপ্ত গণভবনে পৌঁছান। তবে এ সময় প্রধানমন্ত্রী বঙ্গভবনে ছিলেন। রাত ১০টায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ২০-২৫ মিনিট সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের সঙ্গে আর কেউ ছিলেন না। সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথাও বলেননি। তবে আজ তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী রেলওয়ের দুই কর্মকর্তাসহ রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে ধরা পড়ার ঘটনার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। উদ্ভূত পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে কথা হয় বলে জানা গেছে। এদিকে, গত শনিবার তুরস্ক থেকে ফেরার পর প্রধানমন্ত্রী গণভবনে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, এইচ টি ইমাম, মাহবুব উল আলম হানিফসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিজেও এ ঘটনায় ক্ষুব্ধ হন। তিনি নেতাদের জানান, রেলমন্ত্রীকে তিনি ডাকবেন। তাঁর সঙ্গে কথা বলবেন।সূত্র জানায়, এ ঘটনায় আওয়ামী লীগ ও সরকারের একটি বড় অংশ সরকারের ভাবমূর্তি রক্ষায় রেলমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে মত প্রকাশ করেছে। তবে বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করে সরকারের কেউ কেউ সুরঞ্জিতের পক্ষও নিয়েছেন। এ পরিস্থিতিতে সুরঞ্জিত সেনগুপ্তের ভাগ্যে কী আছে, তা আজ জানা যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।