সুরঞ্জিতপুত্রসহ অভিযুক্তদের স্ত্রীদের সম্পদের হিসাব চাইবে দুদক
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত, এপিএস (অপসারিত) ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, নিরাপত্তা বিভাগের কমান্ড্যান্ট এনামুল হক এবং তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী সপ্তাহে এসব নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের একাধিক কর্মকর্তারা।তদন্তের বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, রেলের ৭০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই মধ্যে মন্ত্রীর এপিএস, রেলের ওই দুই কর্মকর্তা এবং জিএমের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু অনুসন্ধানকারী কর্মকর্তারা সন্তুষ্ট না হওয়ায় এবার অভিযুক্তদের এবং তাঁদের স্ত্রীদের সম্পদ-বিবরণী জমা দিতে বলা হবে। তিনি আরও জানান, অনুসন্ধান শেষে কর্মকর্তারা ৩০ দিনের মধ্যে তদন্ত করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেবেন। যদি আরও বেশি সময় লাগে, সে ক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে।১৮ এপ্রিল এপিএস ও রেলের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ২৫ এপ্রিল ইউসুফ আলী মৃধার গাড়িচালক মো. মোখলেসুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।নাম না প্রকাশের শর্তে অনুসন্ধান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ প্রথম আলো ডট কমকে জানান, অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে শেষে রেলের দুর্নীতির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে। তাই অভিযুক্তদের পাশাপাশি তাঁদের স্ত্রীদের সম্পদের হিসাব চাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৯ এপ্রিল গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক, মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হক আটক হন। তাঁদের দাবি, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়ির চালক আলী আজম গাড়িটি বিজিবির ভেতর ঢুকিয়ে দেন। এরপর বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করেন।এ ঘটনায় রেলমন্ত্রী ১৬ এপ্রিল পদত্যাগ করেন। তবে তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী। এ ছাড়া জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত এবং ফারুককে অব্যাহতি দেওয়া হয়।