সুরঞ্জিতের কলঙ্ক কখনোই মুছে যাবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দাবি আদায়ের কৌশল তাঁর দল জানে। আন্দোলনের মাধ্যমেই সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।চিকিত্সকদের একটি অংশের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দী নেতাদের মুক্তি, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশ হয়।মওদুদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধী দলকে কীভাবে সঠিক পথে আনা যায়, তা তিনি জানেন। প্রধানমন্ত্রীকে বলতে চাই, নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কৌশলও বিরোধী দলের জানা আছে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য স্বৈরাচারী মনোভাবের প্রকাশ।সাবেক এই আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এ দেশের জনগণের। এই দাবি এখন বিশ্বের অনেক দেশের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলে গেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেখানে সব দলের অংশগ্রহণ থাকতে হবে।মওদুদ আহমদ বলেন, কবে নির্বাচন হবে তা ঘোষণা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রধানমন্ত্রীর নয়। তিনি অভিযোগ করেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং নির্বাচন করতে না দেওয়ার জন্যই শীর্ষ নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সরকার তাঁদের বেশি দিন কারাগারে রাখতে পারবে না।সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘তাঁকে রাজনীতিতে শুভেচ্ছা জানাই। তবে বলতে চাই, একটি বিভাগীয় তদন্তে তিনি নিজেকে “ক্লিন” বলে দাবি করলেও কোনো লাভ হবে না। কারণ, ঘুষ কেলেঙ্কারির যে কলঙ্ক সুরঞ্জিতের গায়ে লেগেছে, কখনোই দেশের মানুষের মন থেকে তা মুছে যাবে না।’ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, সাংসদ জয়নুল আবদিন ফারুক, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ।