সুরঞ্জিতের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের রায় নিয়ে মন্তব্য করায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা জানাতে হবে তাঁকে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন। গতকাল রোববার ‘আমার দেশ’ পত্রিকায় ১৪ দলের গণমিছিলে সুরঞ্জিতের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখন ২০১২ সাল। আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যেকোনো সময় রায়ে এই চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে। তাদের ফাঁসির রায়ও কার্যকর করা হবে। কেউ ঠেকাতে পারবে না।’ সুরঞ্জিত বলেন, ‘ষড়যন্ত্র, চক্রান্ত করে কেউ কোনোদিন সফল হয়নি, এবারও সফল হবে না। চক্রান্তকারীরা পরাজিত হবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামীতে যে নির্বাচন হবে, তাতেও আপনি (খালেদা জিয়া) পরাজিত হবেন। মহাজোট আবারও ক্ষমতায় বসবে।’ গত শনিবার রাজধানীতে ১৪ দলের গণমিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে সুরঞ্জিত সেনগুপ্ত এ ঘোষণা দেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এবং এ বিচার ‘বানচালে’ বিরোধী দলের ষড়যন্ত্র রুখতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।