সুরঞ্জিতের ঘটনা দুঃখজনক: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তরের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম এ কথা বলেন।মাহবুব উল আলম বলেন, ‘দুই দিন আগের বিষয়টি পত্রপত্রিকার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি দুঃখজনক। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে কার টাকা, কীভাবে এল।তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম বলেন, ‘তদন্ত কমিটি গঠিত হয়েছে। এটা সঠিক না বেঠিক, বলতে চাচ্ছি না। প্রয়োজনে পরবর্তী সময়ে দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হবে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় বিএনপির বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আইনগত কোনো ভিত্তি নেই।অনেক দেশে এমন ঘটনায় মন্ত্রী পদত্যাগ করেন। বাংলাদেশে এ ক্ষেত্রে কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম বলেন, ‘উন্নত দেশে অনেক কিছুই হয়, যেটা আমাদের দেশে হয় না। পদত্যাগের বিষয়টি আমাদের দেশে নেতিবাচকভাবে দেখা হয়।’বৈঠক সম্পর্কে মাহবুব উল আলম বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা কমিটিকে সৎ, যোগ্য, গ্রহণযোগ্য ও শিক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ঠিক করতে বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে নিজ নিজ থানার নেতাদের কাউন্সিলর পদপ্রার্থী নির্ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কাজী জাফরউল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।