সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান দাবি করেছেন, সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তের টেলিকম ব্যবসার অর্থ রেলের নিয়োগ-বাণিজ্যের টাকা থেকে দেওয়া হয়েছে।বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজম খান এ কথা বলেন। গতকাল শনিবার এই সাক্ষাৎকার প্রচারিত হয়। আজম খান বলেন, ‘আলাপ তো আমার সামনেই হয়েছে। রেলের টাকা থেকে সৌমেন গুপ্তকে টাকা দেওয়া হয়েছে।’দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান গতকাল এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেন, রেলের অর্থ কেলেঙ্কারির বিষয়ে তদন্ত-প্রক্রিয়ায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনে সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।সুনামগঞ্জে এক জনসভায় গতকাল সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেছেন, তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক।গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিগাতলা ফটক দিয়ে একটি গাড়ি ভেতরে ঢুকে পড়ে। ওই গাড়িটি ওমর ফারুকের, আর সেটি চালাচ্ছিলেন আজম খান। গাড়ির যাত্রী ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তাঁর নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক। তাঁরা কেউই এখন স্বপদে নেই। ওই ঘটনার পর সুরঞ্জিত এখন দপ্তরবিহীন মন্ত্রী।গত বৃহস্পতিবার একই টেলিভিশনে প্রচারিত অপর এক সাক্ষাৎকারে আজম খান বলেন, ‘বস্তা ভরা টাকা সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতেই যাচ্ছিল। এর আগেও কয়েকবার টাকা গেছে।’গতকাল প্রচারিত সাক্ষাৎকারে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আজম খান। আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে এলে তিনি খুন বা গুম হতে পারেন বলে আশঙ্কা করছেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বলেন, ‘আমার খুব খারাপ লাগে। বাবা-মাকে দেখতে মন চায়।’সাক্ষাৎকারে আজম খান বলেন, শুধু মন্ত্রী হিসেবে নয়, আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি থাকাকালেও নিয়োগ-বদলিসহ নানা দুর্নীতির সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত ছিলেন। তিনি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ফোন করে বলতেন, “আমার এপিএসকে পাঠালাম। এই কয়েকটা কোটা ছিল।” সুরঞ্জিত সেনগুপ্ত পাঁচটা পাঠালে এপিএস আরও পাঁচটা দিয়ে দিতেন। সেখান থেকে ওমর ফারুক টাকা পেতেন।’ ওই টাকার ভাগ সুরঞ্জিতের কাছেও যেত বলে তিনি দাবি করেন।রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্তকে রক্ষা করতে ওমর ফারুক তাঁকে নানা প্রলোভন দেখান বলে চালক আজম দাবি করেন। তিনি বলেন, ‘ফারুক সাহেব বলেন, “এখনো সময় আছে। টাকাটা কোথায় যাচ্ছে, তা তুমিও জানো, আমিও জানি। সব ভার আমি নিয়েছি। তুমি আর কাউকে ফাঁসাইও না। সুরঞ্জিত সেনগুপ্তকে ফাঁসাইও না। তুমি আমাকেই ফাঁসাও। টাকাটা আমার, তুমি বলো।”’আজম বলেন, ‘মেইন হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি প্রথমেই বলেছেন, রেলের কালো বিড়াল ধরা হবে। আমি দেখছিলাম যে তিনি নিজেই কালো বিড়াল বনে গেছেন। সবচেয়ে বড় দুর্নীতিবাজ তো তিনিই। তিনি মন্ত্রী হয়ে একটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দুর্নীতি করলে দেশটা কীভাবে ভালো চলবে?’এদিকে সুরঞ্জিতের এপিএসের গাড়িচালকের বক্তব্যের প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তাদের উচিত আজম খানকে জিজ্ঞাসাবাদ করা। তাঁর নিরাপত্তার বিষয়টি সরকার ও প্রশাসন দেখবে। এটা তাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধ জাদুঘরে একটি আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ঘটনাটি তদন্তাধীন আছে।প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল তাঁর নির্বাচনী এলাকা দিরাই উপজেলায় এক জনসভায় বলেছেন, তিনি নিষ্পাপ ও নিষ্কলঙ্ক। তাঁর ৫০ বছরের রাজনীতিতে কোনো দুর্নীতির ছাপ নেই। তিনি বলেন, ‘কোথাকার কোন আজম। কস্মিনকালেও আমি তাকে দেখিনি। চিনিও না। এখন তাকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এত দিন সে কোথায় ছিল। কারা তাকে গুম করে রেখেছিল, এগুলো তাকে বলতে হবে।’ তিনি বলেন, ‘মিডিয়া আমার পেছনে ঘুরছে। তারা আগেও অনেক কিছু লিখেছে। কিন্তু রাজনীতিবিদদের চামড়া গন্ডারের মতো। তাদের অনেক কিছু সইতে হয়।’ ১০ অক্টোবর তিনি সবকিছু পরিষ্কার করবেন বলেও জনসভায় জানান।উদ্বিগ্ন আজমের পরিবার: মতলব (চাঁদপুর) প্রতিনিধি জানান, আজমের ভাই শাহালম খান গতকাল ফোন করে প্রথম আলোকে বলেন, সাক্ষাৎকার প্রচারিত হওয়ায় এখন তাঁর (আজম) বিপদ আরও বেশি। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করায় আজমকে যেকোনো মুহূর্তে গুম বা হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।প্রয়োজনে সুরঞ্জিতকে জিজ্ঞাসাবাদ: আজম খান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, প্রায়ই সুরঞ্জিতের বাসায় টাকা নিয়ে যাওয়া হতো; তাহলে সুরঞ্জিত সেনগুপ্তকে কেন রেলের নিয়োগ-বাণিজ্যের বিষয়ে জিজ্ঞাসা করা হলো না, এ প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, অর্থ কেলেঙ্কারির অনুসন্ধান শেষ হয়েছে, মামলাও হয়েছে। এখন দুদক তদন্ত করছে, যদি এই তদন্ত-প্রক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তদন্ত দল যদি প্রয়োজন মনে করে, তাহলে তারা সুরঞ্জিত সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করতে পারে।এ বিষয়ে সরকারের কোনো চাপ আছে কি না, জানতে চাইলে গোলাম রহমান বলেন, ‘আমরা তো অনেক সরকারি কর্মকর্তাকেও জিজ্ঞাসা করেছি। তাহলে শুধু সুরঞ্জিতের বিষয়ে কেন চাপ থাকবে। আমাদের ওপর সরকারের কোনো চাপ নেই।’