সুরঞ্জিতের মন্ত্রিত্ব প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে জমি দখল, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে মন্ত্রীর পদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-২-এর সাবেক সাংসদ ও বিএনপির নেতা নাছির উদ্দিন চৌধুরী। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সংবাদ সম্মেলনে বিএনপি নেতার নাছির উদ্দিন জানান, সুনামগঞ্জের দিরাই-শাল্লায় সরকারি প্রভাব খাটিয়ে অর্পিত সম্পত্তি জবর দখল, মাছ চাষের নামে কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন অনিয়ম করে প্রচুর বিত্ত-বৈভবের মালিক হয়েছেন রেলমন্ত্রী। সে সময় পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ-বিষয়ক উপদেষ্টা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই সময় সুরঞ্জিত এলাকার হিন্দু পরিবারগুলোর জমিও জবর দখল করেছেন বলে অভিযোগ করেন নাছির উদ্দিন। নাছির উদ্দিন আরও অভিযোগ করেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভেড়াডহর গ্রামের মেদা মৌজার হাজি মোগল মিয়া ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি মোস্তফা মিয়া চৌধুরী আর্থিক দুর্নীতির কারণে এ পদ থেকে অপসারিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সুরঞ্জিত সেনগুপ্ত ওই মোস্তফা মিয়া চৌধুরীকে পুনরায় মোতওয়াল্লির পদে বহাল করেন। বিনিময়ে মোস্তফা মিয়া চৌধুরীর কাছ থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ মেদা মৌজার ওই ওয়াকফ সম্পত্তির প্রায় ১০০ বিঘা জমি দুই লাখ ৮৫ হাজার টাকা দিয়ে নিজের পারিবারিক কোম্পানি ‘দিরাই-শাল্লা সমন্বিত মত্স্য ও কৃষি খামার প্রাইভেট লিমিটেডের’ নামে কিনে নেন। একই বছরের ১২ নভেম্বর একই এস্টেটের আরও ১৫ দশমিক ৬০ একর জমি মাত্র এক লাখ টাকা দিয়ে সাফ কবলা করে নিজের কোম্পানির নামে নিবন্ধন করেন। কিন্তু বিদ্যমান আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কেনাবেচার কোনো সুযোগ নেই। এ ছাড়া ওই এস্টেটের দলিলেও বলা রয়েছে, এস্টেটের জমি বিক্রি করা যাবে না। অভিযোগকারী নাছির উদ্দিন ঘটনার প্রকৃত সত্য জানতে উপস্থিত সাংবাদিকদের সুনামগঞ্জের দিরাই-শাল্লায় ঘুরে আসার আমন্ত্রণ জানান।