সুরঞ্জিতের শুনানি ২২ জানুয়ারি
মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন মামলাকে জনসম্মুখে ‘কাল্পনিক’ মন্তব্য করায় দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যাখ্যার শুনানির জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।আজ সোমবার সুরঞ্জিতের আইজীবী আবদুল বাসেত মজুমদার তাঁর বক্তব্যের বিষয়ে একটি লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে জমা দেন। এ সময় আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল ২২ জানুয়ারি এর জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল-২ গত বছরের ২৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য নিয়ে এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চেয়ে আদেশ দেন। আমার দেশ পত্রিকায় ছাপা হওয়া একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, ১৪ দলের গণমিছিলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘... আগামী বছর ২০১৩ সাল। ১৪ জন চিহ্নিত যুদ্ধাপরাধীর রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০১৩ সালের যেকোনো সময়ে রায়ে চিহ্নিত ১৪ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।’এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছেও ব্যাখ্যা চেয়ে একই ধরনের আদেশ দিয়ে ছিলেন ট্রাইব্যুনাল-২। পরে তা নিষ্পত্তির সময় ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, রাজনীতিবিদদের বিশেষ করে ক্ষমতাসীন ব্যক্তিদের এ ধরনের কাল্পনিক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।