সুরত আলী সোহরাওয়ার্দী উদ্যানে চপ-বেগুনি বিক্রি করেন। বেলা দুইটা-আড়াইটার মধ্যে উদ্যানে চলে আসেন। তিনটার মধ্যে বেচাবিক্রি শুরু হয়ে যায়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে আসতে শুরু করেন। চুলা থেকে নামিয়ে গরম গরম খাবার পরিবেশন করেন সুরত আলী।বৃষ্টির দিনে সুরত আলীর বেচাবিক্রি কমে যায়। তিনি সকালে কারওয়ান বাজার থেকে তেল-মসলা কেনেন। তারপর বাসায় এসে চপ-বেগুনি বানানোর প্রক্রিয়া শুরু করেন। তিনি জানান, একটি ডিমের চপ বিক্রি করেন ১০ টাকায়। প্রতিটি মাশরুমের চপের দাম পাঁচ টাকা, আলুর চপ চার টাকা, বেগুনি তিন টাকা আর মুরগির মাংস ভাজা আট টাকা। বেচাবিক্রি করেন রাত নয়টা পর্যন্ত।সুরত আলী আগে শাহজাহানপুরের একটি রেস্তোরাঁয় মেসিয়ারি করতেন। সেখানেই তিনি শিখেছেন কীভাবে ভাজাপোড়া তৈরি করতে হয়। অসুস্থতার কারণে মেসিয়ারির কাজ ছেড়ে দেন। সুরত আলী জানান, ২৫ বছর মেসিয়ারি করেছেন। আগে বউ-বাচ্চা নোয়াখালীতে থাকত। বাড়িতে ঘর ও ভিটা ছাড়া কিছুই ছিল না তাঁর।২০০৬ সালে নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বাস দুর্ঘটনায় পড়েন সুরত আলী। প্রায় নয় মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এতে জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যায়। সুরত তখন দাঁড়াতে পারতেন না। তাই কাজকর্ম করা সম্ভব ছিল না। টাকার অভাবে বাড়িতে ছেলেমেয়ে না খেয়ে থেকেছে। আত্মীয়স্বজনেরাও আর সাহায্য করছিল না। একপর্যায়ে শাহবাগে বসে ভিক্ষা করতে লাগলেন তিনি।সুরত আলীর জীবনটা পাল্টে দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক নোমান। নোমান যখন নটর ডেম কলেজে পড়তেন, তখন থাকতেন শাহজাহানপুরের এক মেসে। তিনি সকালে নাশতা সারতেন রেস্তোরাঁয়। সেই রেস্তোরাঁয় মেসিয়ারি করতেন সুরত আলী। তিনি জানান, ডাক্তার নোমান তাঁকে ভিক্ষা করতে দেখে আশ্চর্য হন। তিনি সুরত আলীকে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে এই ভাজাপোড়ার দোকানটি করে দেন।সুরত আলী এখন প্রতিদিন ৫০০-৬০০ টাকা আয় করেন। পরিবার-পরিজন নিয়ে থাকেন শান্তিনগরে। প্রতি মাসে ঘর ভাড়া দেন তিন হাজার টাকা। সুরতের বড় ছেলে কবীরের বয়স ১৪ বছর। বাজার-সদাই করা ও বেচাবিক্রিতে সে সুরতকে সাহায্য করে। চপ-বেগুনি ভাজার কাজটা সুরত নিজ হাতে করেন। তিনি বলেন, ‘এখন খেয়েদেয়ে ভালো আছি। সবাইকে নিয়ে একসঙ্গে আছি, এইটা খুব ভালো লাগে।’