সুরভিরঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যদি কখনো রঙ্গন ফুলের চোখ ধাঁধানো রং দেখে ফুলটির সুবাস পেতে চান, তাহলে হতাশ হতে হবে। কারণ, আমাদের চারপাশের বিচিত্র রঙের রঙ্গনগুলোর কোনো সুবাস নেই। অথচ সাদামাটা রঙের অবহেলিত রঙ্গন ফুলটিই আপনার মন ভরিয়ে দিতে পারে। রঙ্গনের রং নয়, বরং তার সুরভি পেতে হলে আপনাকে যেতে হবে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং চারুকলা অনুষদ প্রাঙ্গণে। অথবা বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন পার্ক ও উদ্যানেও দেখা মিলতে পারে ওদের।বর্তমানে দীর্ঘস্থায়ী প্রস্ফুটনের কারণে উদ্যানসজ্জায় বিচিত্র বর্ণের রঙ্গন অনিবার্য হয়ে উঠেছে। এ কারণে বিশ্বজুড়ে রঙ্গনের অসংখ্য রকমফের চোখে পড়ে। আবিষ্কৃত হচ্ছে আরও নতুন নতুন আবাদিত জাত। কিন্তু সচরাচর দেখা রঙ্গন থেকে আলোচ্য সুরভিরঙ্গন (Ixora pavetta Syn : I. arborea) অনেকটাই আলাদা। স্থানবিশেষে এরা ছোটখাটো বৃক্ষও হয়ে উঠতে পারে। তা ছাড়া এই রঙ্গন মিষ্টি সুবাসের জন্যও অন্যান্য রঙ্গন থেকে আলাদা। কিন্তু এ ফুলের সুগন্ধের খবর অনেকেরই অজানা। এরা কোথাও কোথাও শ্বেতরঙ্গন বা গন্ধালরঙ্গন নামেও পরিচিত।সুরভিরঙ্গন গুল্ম বা ছোট বৃক্ষ, অপরিণত শাখা-প্রশাখা মসৃণ। পত্র উপপত্রযুক্ত এবং বৃন্তক, পত্রবৃন্ত প্রশস্তভাবে বল্লমাকার ও আগা তীক্ষ। পত্রফলক ডিম্বাকার থেকে বিডিম্বাকার, ৭ থেকে ১৫ সেন্টিমিটার, মসৃণ এবং গোড়া গোলাকার। পুষ্পবিন্যাস নিয়ত, ঘনবদ্ধ, ক্ষুদ্র ও রোমশ। ফুল ৪-অংশক, অবৃন্তক, ৬ থেকে ৮ মিলিমিটার লম্বা ও সুগন্ধি। বৃতি ক্ষুদ্র। পাপড়িনল সূত্রাকার, ৬ মিলিমিটার পর্যন্ত লম্বা, মসৃণ এবং পেছনের অংশ বাঁকা। পরাগধানী পাপড়ি খণ্ডকের সমান লম্বা, পুংদণ্ড দশমিক ৫ মিলিমিটার লম্বা। গর্ভমুণ্ড দ্বিখণ্ডিত, রোমাবৃত এবং বহির্মুখী। প্রস্ফুটনকাল প্রায় বর্ষব্যাপ্ত। ফল মটর আকৃতির, গোলাকার, দ্বিবীজ। এ গাছ দেশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বেশি দেখা যায়। এ ছাড়া আমাদের নিকটবর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারেও সহজদৃষ্ট। বংশবৃদ্ধি বীজ ও কলমে।