সুরমা থেকে কুশিয়ারা...
যেখানে নদীর মিলন, সেখানে পলিমাটি ফুলে-ফেঁপে বিরাট এক ঢিবির আকার ধারণ করেছে। বোঝার উপায় নেই যে এটি কোনো নদীর মুখ। বিশাল চর জেগে থাকায় পেছনে তাকালে পানিবিহীন নালা দেখে ঠাহর করা যায়, এখানটাই বাসিয়া নদীর মুখ। উৎসমুখের পাশে মাশুকগঞ্জ বাজার। পাশে সেতু। নদী দিয়েই তো সব যাতায়াত, তাই সরু সেতুটি শুধু সাধারণ মানুষের পারাপারের জন্য তৈরি—সেতুর অবকাঠামো এ বিষয়টি জানান দিচ্ছিল। সেতুর ঠিক নিচ দিয়ে এক দল বালিকার যাতায়াত। ক্যামেরা দেখে তাদের মধ্যে কিশোরীসুলভ চপলতায় হই-হুল্লোড়। পঞ্চম শ্রেণী পড়ুয়া ফাহমিদা জানায়, তারা মজা করে সেতু দিয়ে নয়, সেতুর নিচ দিয়ে পায়ে হেঁটেই যাতায়াত করে। এই হচ্ছে মিলনস্থল। বাকিটা কেমন? এ প্রশ্নের উত্তর খুঁজতে সরেজমিনে দেখা গেছে, দখল-দূষণ বিশ্বনাথেই বেশি। সরেজমিনে দেখা গেছে, দুই দিকের উৎস আর মিলনমুখ এবং নদীর মধ্যবর্তী অংশ ভরাট হয়ে যাওয়ায় বাসিয়া নদীর চর দখল করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনাগুলোর মালিকেরা অনেকটা কৌশলে আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে বৃদ্ধি করছেন তাঁদের স্থাপনার আকার। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় নদীর চরগুলো দখল হয়ে গেলেও তাতে তাঁদের কিছু যায় আসে না, এমন ভাব করে নীরব ভূমিকা পালন করছে। ফলে দখলপ্রক্রিয়া রয়েছে অব্যাহত।সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার নামক স্থান থেকে সুরমা নদী থেকে বাসিয়া নদীর শুরু। শেষ হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাইকা নামক স্থানে কুশিয়ারা নদীতে। উৎপত্তিস্থল মাশুকগঞ্জ বাজারে অতিরিক্ত পলিমাটি পড়ে বাসিয়ার মুখ বন্ধ হয়ে গেছে। একই অবস্থা কুশিয়ারার মিলনস্থলে। দুই মুখ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় নদীটি তার নাব্যতা হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে। মুখ দুটি খনন করা হলে বাসিয়া আবার তার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পাবে বলে ধারণা নদী অববাহিকা এলাকার বাসিন্দাদের। কুশিয়ারার মিলনস্থলের কৃষক আজিজুর রহমান বলেন, ‘বাসিয়া নদীর মুখ দুটি খনন করা হলে বিশ্বনাথ ও আমাদের আশপাশের উপজেলার কৃষকেরা উপকৃত হবেন।’