সুরমা নদীর ভাঙনের হুমকিতে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক
সুরমা নদীর ভাঙনে জেলার জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক হুমকির মুখে রয়েছে। কয়েক স্থানে ভাঙন একবারে সড়কের কাছাকাছি চলে এসেছে। নদীভাঙন ঠেকানো না গেলে যেকোনো সময় জেলা সদরের সঙ্গে জামালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।সরেজমিনে দেখা গেছে, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশের ভীমখালি ইউনিয়নের উজ্জ্বলপুর থেকে একেবারে জামালগঞ্জ বাজার পর্যন্ত সড়ক সুরমা নদীর তীর ঘেঁষে গেছে। এ সড়ক দিয়েই জামালগঞ্জ উপজেলার মানুষজন জেলা সদরে যাতায়াত করে। একইভাবে সিলেটসহ অন্যান্য স্থানে যাওয়া-আসা করে। উপজেলার প্রধান সড়ক একটিই। বিকল্প কোনো সড়ক নেই। এ ছাড়া সুরমা নদী হয়ে নৌ পথেও সুনামগঞ্জে আসা-যাওয়া করা যায়। এতে সময় লাগে বেশি। তাই মানুষজন সড়ক পথেই যাতায়াত করেন।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কপথে সময় কম লাগার কারণে সুনামগঞ্জ শহর থেকে সকালে অনেকেই জামালগঞ্জে গিয়ে অফিস করে, আবার বিকেলে সুনামগঞ্জে ফিরে আসে। কিন্তু সড়ক যোগাযোগ না থাকলে এটা সম্ভব হবে না। গত দুই বছর আগে এই সড়কের উজ্জ্বলপুর ও ঘাঘটিয়া নামক স্থানে সুরমা নদীর ভাঙন দেখা দিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই দুই স্থানে পাকা স্লাভ দিয়ে আড়ের মতো করে ভেতরে বালুর বস্তা ফেলে সড়ক টিকিয়ে রাখে। গত বছরও একইভাবে ভাঙনের কবলে পড়ে এ দুই জায়গা। আবার সেখানে বালুর বস্তা ফেলা হয়। এবার উজ্জ্বলপুরে সামান্য কিছু বস্তা ফেলা হলেও ঘাঘটিয়া এলাকায় কোনো বস্তা ফেলা হয়নি। এখানে বেশ কিছু জায়গায় সড়কের নিচ থেকে মাটি সরে গেছে। পাকা সড়কে ফাটল ধরেছে। কিছু জায়গা নদীতে চলে গেছে। এখানে যেকোনো সময় সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে জামালগঞ্জ-সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের দূরত্ব ৩৬ কিলোমিটার। এর মধ্যে ১৩ কিলোমিটার পড়েছে সিলেট-সুনামগঞ্জ সড়কে। দুই কিলোমিটার আছে দিরাই-সুনামগঞ্জ সড়কে। বাকি ৩১ কিলোমিটারের এ সড়কটি খুবই সরু হওয়ার কারণে বাস চলাচল করে না। সেতুগুলোও একই রকম। ৩১ কিলোমিটার সড়কে বাঁক আছে ৫০টিরও বেশি। এই আঁকাবাঁকা সড়কে টেম্পো, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করেই লোকজন যাতায়াত করে।এলাকার যুবক আমিরুল ইসলাম জানান, এসব যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ে। এ ছাড়া সড়কটি নানা জায়গায় খানাখন্দে ভরা। ঘাঘটিয়া গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, ‘ই-বার (এ বছর) যে-লা গাঙ ভাঙছে, সড়ক আর রাখা যাইত না। একদিন দেখবা সড়ক গাঙও গেছেগি।’নদীভাঙনে সড়ক বিচ্ছিন্ন হয়ে গেলেও যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা হিসেবে দুই বছর আগে নদী থেকে বেশ দূরত্বে নোয়াগাঁও থেকে ঘাঘটিয়া পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুই বছর আগে থেকে কাজ শুরু হলেও এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। তাই ঘাঘটিয়া কিংবা উজ্জ্বলপুরে সড়ক ভেঙে গেলে মানুষজনকে নৌ-পথেই যাতায়াত করতে হবে।জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার বলেন, ‘আমি নিজেই এ সড়ক দিয়ে যাতায়াত করি বেশি। সড়কটির অবস্থা ভালো না। উন্নয়ন সমন্বয় সভায় আমি এ বিষয়ে বলেছি, যাতে করে এখানে জরুরি ভিত্তিতে কাজ হয়।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ বলেন, ‘সড়কটির কিছু জায়গা কয়েক বছর ধরেই নদীভাঙনের হুমকিতে আছে। আমি প্রায় সভাতেই বিষয়টি বলে আসছি। বিকল্প যে সড়ক নির্মাণ করার কথা, সেটির কাজ শুনেছি শেষ পর্যায়ে আছে। এটি হলে অন্তত যোগাযোগ রক্ষা করা যাবে।’ তিনি আরও জানান, পুরো সড়কটিরই উন্নয়ন দরকার। অনেক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাস চলাচলের উপযোগী করে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এখন এ কাজ করা সহজ হবে। ভবিষ্যতে সড়কের পাশে বসতি বেড়ে গেলে তখন সড়ক প্রশস্ত করতে বাধা আসবে।এ ব্যাপারে জামালগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শাহেদ চৌধুরী বলেন, ‘প্রতিবছর যে স্থানে ভাঙন দেখা দেয়, সেখানেই মেরামত করি। এবারও করা হয়েছে। নতুন করে যে স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেখানেও জরুরি মেরামতের কাজ করা হবে।’ তিনি আরও জানান, বিকল্প সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন সামান্য কিছু মেরামতের কাজ বাকি।