স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানমুক্তিফৌজ জকিগঞ্জ ও আটগ্রাম শত্রুমুক্ত করেছে। এখন আরও অগ্রসর হয়ে সিলেট শত্রুমুক্ত করাই উদ্দেশ্য। কিন্তু মাঝখানে চীনের প্রাচীরের মতো বাধা হয়ে আছে কানাইঘাট (সিলেট)। কানাইঘাটের অবস্থান সুরমা নদীর ধারে। প্রতিরক্ষার জন্য খুবই আদর্শ জায়গা। এখানে পাকিস্তানি বাহিনী খুবই শক্ত অবস্থান নিয়েছে। ছোটখাটো ধাক্কা দিয়ে এদের নড়ানো সম্ভব নয়। এই জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে ওপরে ওঠা সম্ভব নয়। মুক্তিবাহিনী কানাইঘাটের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। ৪ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা কানাইঘাট দখল করবেন। আক্রমণে অংশ নেবে দুটি কোম্পানি। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর আবদুর রব। ২ ডিসেম্বর রাতে হামলা শুরু হবে। মেজর রব রাত সাড়ে তিনটার দিকে রওনা দিলেন। এফইউপিতে পৌঁছার আগেই মুক্তিযোদ্ধা দলের ওপর একটি পাকিস্তানি স্থায়ী টহলদল (স্ট্যান্ডিং পেট্রোল) আক্রমণ করে বসল। সেটা সামলে মুক্তিফৌজের এফইউপিতে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে গেল। পাকিস্তানি অবস্থানের ৫০০ গজের মধ্যে চলে এসেছেন তাঁরা। দিনের আলোয় চারদিক স্পষ্ট হয়ে উঠছে। মুক্তিফৌজ নিচু এলাকায়। দিনের বেলা আক্রমণ করলে ব্যাপক ক্ষয়ক্ষতি মেনে নিতে হবে। মেজর রব তাঁর সেক্টর অধিনায়কের সঙ্গে কথা বললেন। সেক্টর অধিনায়ক আক্রমণ এক দিন পিছিয়ে দিতে রাজি হলেন। ২.৩ ডিসেম্বর রাত আটটায় আবদুর রব দুটি কোম্পানি সঙ্গে করে আবার কানাইঘাটের দিকে এগোচ্ছেন। একই সময়ে সেকেন্ড লেফটেন্যান্ট গিয়াস ও সেকেন্ড লেফটেন্যান্ট জহিরের নেতৃত্বে দুটি কোম্পানি ব্লকিং পজিশন নেবে দরবস্ত-কানাইঘাট ও চরঘাই-কানাইঘাট রোডের ওপর। রাত দেড়টার দিকে গিয়াসের অবস্থান পাকিস্তানি বাহিনী ধরে ফেলল। প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেল সেখানে। জহিরের অবস্থানও পাকিস্তানি বাহিনী শনাক্ত করে ফেলেছে। সেখানেও যুদ্ধ শুরু হয়েছে।রাত চারটার মধ্যে গিয়াস বেশ ভালোভাবে ব্লকিং পজিশন শক্ত করে ফেললেন। জহির মর্টার ও মেশিনগানের সামনে এগোতে পারছেন না। তাঁর বাহিনীর গোলাবারুদ কমে আসছে। ঠিক চারটায় মেজর রব দুই কোম্পানি সৈন্য নিয়ে এফইউপিতে পৌঁছে গেছেন। পাকিস্তানি বাহিনী রবের অবস্থান টের পেয়ে গেছে। প্রচণ্ড আর্টিলারি শেলিং শুরু করল ওরা। বিরতিহীন আক্রমণ। তিন ইঞ্চি মর্টারের ফায়ারিং কভারের সাহায্যে মুক্তিবাহিনী এগোনোর চেষ্টা করছে। পাকিস্তানি বাহিনী এক পা-ও এগোতে দেবে না। মুক্তিবাহিনীর দেদার লোকসান হচ্ছে। বাড়তি গোলাবারুদের জোগান জরুরি হয়ে পড়েছে। গিয়াস ও জহিরকে বলা হলো, ব্লকিং পজিশন ছেড়ে দিয়ে মেজর রবের সঙ্গে যুক্ত হতে। সবাই চলে এলেন কানাইঘাটে। এবার একযোগে সাঁড়াশি আক্রমণ চালাতে হবে। ৪ ডিসেম্বর ভোরবেলা। পাকিস্তানি অবস্থানকে দুই প্রান্ত থেকে সাপের মতো পেঁচিয়ে ধরা হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে মুক্তিফৌজ ত্রিমুখী আক্রমণ শুরু করল। মুক্তিফৌজ ক্লান্তিহীনভাবে পাকিস্তানি বাংকারগুলোর ওপর আঘাত হানছে। দুই পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। পাকিস্তানি বাহিনীর বিপদ আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে। তিন দিকের সাঁড়াশি আক্রমণে পাকিস্তান বাহিনীর মনোবল পর্যুদস্ত। জীবনের ভয় ওদের জুত করে চেপে ধরেছে। কিছু উদ্ভ্রান্ত পাকিস্তানি সেনা সুরমা নদীতে ঝাঁপ দিয়েছে। অনেকে পড়িমরি করে হেড কোয়ার্টারের দিকে পালিয়ে যাচ্ছে। বাকি সৈন্যদের মুক্তিবাহিনীর ক্ষিপ্র-ভয়াল নখর ফালা ফালা করে দিতে লাগল। পাকিস্তানি সৈন্যরা পটাপট মরছে। একেকজনের মৃত্যু একেকভাবে লেখা হচ্ছে। কেউ মরছে গ্রেনেড বিস্ফোরণে। কারও মৃত্যু হচ্ছে রাইফেলের নিশানায়। ট্রেঞ্চের মধ্যে বেয়নেট চার্জে প্রাণ দিচ্ছে অনেকে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা তিন ঘণ্টা যুদ্ধের পর পাকিস্তানিদের প্রতিরক্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেল। আমাদের মুক্তিযুদ্ধের অনন্য এক গৌরবের জয় ছিনিয়ে আনলেন মুক্তিসেনারা। এই যুদ্ধের জন্য তাঁরা প্রচুর ঘাম ঝরিয়েছে। ১১ জন সহযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন। আহত হয়েছেন ২০ জন যোদ্ধা। তবে শত্রুপক্ষ শুধু পরাজিত হয়েছে তা-ই নয়, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। যুদ্ধক্ষেত্রেই ৫০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। আর মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ২৫ জন পাকিস্তানি সেনা। সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-৪) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা