সুরাহা না হওয়া পর্যন্ত চোখে পানি নিয়ে কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত ও বিচারে সব ধরনের সহায়তা করার কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যতক্ষণ এই হত্যাকাণ্ডের সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত চোখে পানি নিয়ে কাজ করে যাব।’আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন কেন্দ্রে বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এনবিএ) পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে হাসানুল হক এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের খুঁজে বের করতে সরকার চেষ্টা চালাচ্ছে। যতক্ষণ না এই রহস্য উদঘাটন হয়, তত দিন পর্যন্ত এই কাজ চলবে।হাসানুল হক বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে মুক্ত গণমাধ্যম দরকার। দরকার অবাধ তথ্যপ্রবাহ। সংবাদ উপস্থাপকদের উদ্দেশ করে হাসানুল হক বলেন, আপনারা সংবাদের বিষয়বস্তু বুঝে সংবাদ পাঠ করবেন। আপনাদের যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় এবং এ ক্ষেত্রে যদি সরকারের কোনো সহায়তা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সরকার সেটি করবে। আপনারা চাইলে পিআইবিতেও (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) আসতে পারেন।অনুষ্ঠানের আরেক অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ পেয়েছি। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ এনবিএর সভাপতি মিঠুন মোস্তাফিজ বলেন, ‘গণমাধ্যমকর্মী হিসেবে আমাদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। আর সে জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কেবলমাত্র নিজেদের চেষ্টায় সেটি সম্ভব নয়, তাই আমরা সরকারের সহযোগিতা চাই।’