তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের বিষয়টি ঝুলে আছে। মন্ত্রিত্ব ছাড়ার প্রায় তিন বছর পর সংসদ সদস্যপদ ছাড়লেও ছাড়পত্র পাচ্ছেন না তিনি।সংসদ থেকে পদত্যাগের বিষয়ে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেছেন, বিষয়টি এখনো অমীমাংসিত আছে। যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগ হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হবে।যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোহেল তাজ ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাঁর এক ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পদত্যাগপত্র স্পিকারের কার্যালয়ে পাঠিয়ে দেন। একই দিন এক খোলা চিঠিতে সক্রিয় রাজনীতি না করার ঘোষণাও দেন তিনি।তবে সোহেল তাজের পদত্যাগ আইনসিদ্ধ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদ সচিবালয়ের আইন শাখার কর্মকর্তাদের মতে, পদত্যাগপত্র নিজ হাতে লিখিত হতে হবে। পদত্যাগপত্রে সোহেল তাজের সই থাকলেও এটি হাতে লেখা নয়, কম্পিউটারে কম্পোজ করা। আবার কেউ মনে করেন, সশরীরে উপস্থিত হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পেশ করতে হবে।বার্তা বাহকের দেওয়া পদত্যাগপত্র আদৌ সোহেল তাজের কি না, তা নিয়ে স্পিকার সংশয় প্রকাশ করেছেন। তবে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে সোহেল তাজ স্পিকারকে ফোন করে বলেন, পদত্যাগপত্রটি তিনি নিজেই পাঠিয়েছেন। ফোন করার বিষয়টি স্পিকার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সংসদ সূত্র জানায়, ফোনে কথোপকথনে স্পিকার সোহেল তাজকে দেশে এসে পদত্যাগপত্র দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন। তা ছাড়া পদত্যাগপত্রে দেওয়া তারিখ ও সময় মিলছে না বলেও তিনি তাঁকে জানান। সোহেল তাজ যে তারিখ ও সময়ে পদত্যাগপত্রে সই করেন এবং যে সময়ে স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়, তার পার্থক্য মাত্র ৫০ মিনিট। এ সম্পর্কে স্পিকার বলেন, পদত্যাগপত্র কুরিয়ার সার্ভিসে পাঠালেও অন্তত তিন-চার দিন সময় লাগার কথা। ৫০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র বাংলাদেশে পৌঁছানো সম্ভব নয়। তবে অতীতের রেওয়াজ দেখে স্পিকার এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলেন জানিয়েছেন। ওই সূত্র জানায়, সোহেল তাজের পদত্যাগে সরকার বিব্রত হলেও এখন এ বিষয়ে সরকারি পর্যায় থেকে কিছু বলা হবে না।সোহেল ২০০৯ সালের ৩১ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। কিন্তু এর এক দিন পর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিসও করেন। পদত্যাগসংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর তিনি ওই দিন সাংবাদিকদের দেননি। এর কয়েক দিন পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে তিনি সাংবাদিকদের টেলিফোনে পদত্যাগ করার কথা জানান। অবশ্য সরকারি খাতায় তিনি এখনো দপ্তরবিহীন প্রতিমন্ত্রী।