সুরিনামের সাবেক সামরিক শাসক এবার প্রেসিডেন্ট হলেন
সুরিনামের পার্লামেন্ট দেশটির সাবেক সামরিক শাসক দেসি বউটার্সকে (৬৪) গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। বউটার্স পার্লামেন্টের ৫০ জন সদস্যের মধ্যে ৩৬ জনের বা দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে এ নির্বাচনে জয়ী হলেন। কিন্তু গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বউটার্স যত্সামান্য ভোটে জয়ী হলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। তারপর গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার পর তিনি ওই পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৩৬টি ভোট সংগ্রহ করতে সমর্থ হন। ১৯৮০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে বউটার্স প্রথম সুরিনামের ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের হত্যা এবং নেদারল্যান্ডে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন।এদিকে প্রেসিডেন্ট পদের জন্য প্রয়োজনীয় ভোট পাওয়ার পর বউটার্সের সমর্থকেরা দক্ষিণ আমেরিকান দেশটির রাজধানী পারামারিবোর পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।কিন্তু তার বিরোধীপক্ষ একজন সাবেক সামরিক নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হতাশা ব্যক্ত করেছে।মাইকেল চার্লস নামে একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘এ দেশে আমরা সবাই পুরো পাগল হয়ে গেছি।’মে মাসের সংসদীয় নির্বাচনে বউটার্সের নেতৃত্বাধীন মেগা কম্বিনেশন জোট ৫১টি আসনের মধ্যে ২৩টি আসন পায়। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে বউটার্সকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হবে। এ জন্যই তাঁকে অন্যান্য দলের সমর্থন আদায় করতে হয়।১৯৮০ সালে বউটার্স এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার পাঁচ বছর পর সুরিনাম নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেন। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তিনি ১৯৮৭ সালে পদত্যাগ করেন। এরপর ১৯৯১ সালে তিনি আবার স্বল্প মেয়াদের জন্য ক্ষমতা দখল করেন।১৯৯৯ সালে নেদারল্যান্ডের একটি আদালত কোকেইন পাচারের অভিযোগে বউটার্সকে তাঁর অনুপস্থিতিতে ১১ বছরের কারাদণ্ড দেন। কিন্তু দেশ দুটির মধ্যে কোনো প্রত্যার্পণ চুক্তি ছিল না। এ ছাড়াও বউটার্স দীর্ঘকাল ধরে সুরিনামে ১৯৮২ সালে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যার অভিযোগে বিচারাধীন আছেন। সমালোচকেরা বলছেন, তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রচারাভিযান করেছেন অংশত ফৌজদারি মামলাটির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য। — বিবিসি অনলাইন