সুরের জাদু রঙের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল বৃহস্পতিবার। সপ্তাহের এই দিনটি অন্যদের কাছে যেমন-তেমন হলেও ছায়ানটের সুরের জাদু রঙের জাদুর শিক্ষার্থীদের কাছে বড় সুখের দিন। সারা সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবার যখন বিকেল নামে, ওরা মায়ের হাত ধরে, নানুর কোলে চড়ে হাজির হয় ছায়ানটে। ওরা সবাই আসে প্রিয়জনদের সঙ্গে করে। সঙ্গে কাউকে না-কাউকে আনতেই হয়। এমনটাই নিয়ম এখানে। কারণ, ওরা সবাই বিশেষ শিশু।কেমন করে ওরা সবাই একত্র হলো, তা জানতে একটু পেছন ফিরে যেতে হবে।চিকিৎসক লীডি হকের ছোট্ট ছেলেটি বিশেষ শিশু হিসেবে পৃথিবীতে আসে। এ দেশে তখনো বিশেষ শিশুদের নিয়ে খুব একটা কাজ শুরু হয়নি। তিনি ছেলে আদিলকে নিয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডে। ইংল্যান্ডেই চলছিল ওর চিকিৎসা। এক ফাঁকে তিনি আমেরিকা থেকেও ট্রেনিং নিয়ে এলেন বিশেষ শিশুদের ওপর। আদিলের ওপর চলল সব পরীক্ষা-নিরীক্ষা। অভাবনীয় সাফল্যও এল। আদিল আঁকতে শুরু করল। আঁকাআঁকি সব প্রাচীন মিসর নিয়ে। মিলল আন্তর্জাতিক খ্যাতি। তারপর চিকিৎসক লীডি হক দেশে ফিরে এলেন। অন্য সব বিশেষ শিশুকে নিয়ে কিছু করার তাড়নায় হাজির হলেন ছায়ানটে। ছায়ানটের কর্তাব্যক্তিদের সহযোগিতায় যাত্রা শুরু হলো সুরের জাদু রঙের জাদুর।স্কুলে স্কুলে ঘুরে জোগাড় করা হলো শিক্ষার্থী। কেউ মুখে মুখে শুনেও এলেন তাঁদের বিশেষ শিশুদের নিয়ে। ‘সুরের জাদু রঙের জাদুর প্রধান উদ্দেশ্যই হলো ওদের আনন্দ দেওয়া। ওরা এখানে গান গায়, নিজেরা রঙে মাখামাখি হয়ে আঁকে। সে ভারি সুন্দর দৃশ্য। আর এর মধ্য দিয়েই ওরা নিজেরা একটু একটু করে পাল্টে যায় অন্য মানুষে।’ বললেন লীডি হক।একটু দূরে তখন খুব মনোযোগ দিয়ে ছবিতে রং চড়াচ্ছিল অনন্ত আর দুরন্ত। ওরা যমজ। আঁকছে মুক্তিযুদ্ধের ছবি। ‘এই তো দুই বছর আগে দুরন্ত শুধু চেয়ে চেয়ে দেখত। টানা এক বছর শুধু দেখেছে, তারপর একদিন রং চাইল, পেনসিল চাইল; সবার সঙ্গে পাল্লা দিয়ে আঁকতেও শুরু করল। অনন্ত আগে থেকেই পুরস্কার পেত। এবার দুরন্তও পুরস্কার জিতেছে’ বলতে বলতে অনন্ত ও দুরন্তর মা নাসরিন আহমেদের চোখ আনন্দে ভরে ওঠে।রোদ্দুর ঘুরে বেড়ায় ক্লাসজুড়ে। গান শুরু হলে খানিকটা স্থির হয়। সুমন নরম্যান দরাজ গলায় একের পর এক গান শুনিয়ে যান।সবাই তাঁর সঙ্গে সুরে সুর মেলায়। তাল ঠোকে হাতে। এরই ফাঁকে সুরের জাদু রঙের জাদুর সমন্বয়কারী লীডি হক একটু হতাশার কথাও জানালেন, ‘যে গানগুলো বিশেষ শিশুদের খুব পছন্দ, এমন কিছু গান মিলিয়ে চারটি গানের সিডির একটা সেট, সঙ্গে একটা সহায়ক বই বের করার পরিকল্পনা আছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে কাজটা আর বেশি দূর এগোয়নি। কেউ এগিয়ে এলে কাজটা হয়তো অনেক সহজ হবে।’ রোদ্দুর আবার অস্থির হয়ে ওঠে—ওর পছন্দের গানটা যে গাওয়া হলো না এখনো। সুমন নরম্যান ওর গলা জড়িয়ে একটুখানি আদর করে দিল। এবার তিনি ঠিক বুঝতে পারলেন, কোন গানটা গাইতে হবে এখন।তিনি এবার গাইলেন, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’। সবাই মাথা দুলিয়ে গাইল, মায়েরাও যোগ দিলেন। এই বিশেষ শিশুদের নিয়ে অভিভাবকেরা যে তীর হারা সাগর পাড়ি দিচ্ছেন, তাঁরা সত্যিই একদিন কূল খুঁজে পাবেন—তাঁদের দৃঢ় কণ্ঠগুলো যেন সেই বার্তাই জানান দিচ্ছে।