সুরের ধারার আয়োজন এখন এক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩০ চৈত্র। বিদায় নিচ্ছে বাংলা ১৪১৭ সাল। গান, নাচ, আর নাটকের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানানো আর নতুন বছর ১৪১৮ সালকে বরণ করার আয়োজন করেছে সুরের ধারা। আজ সন্ধ্যা ছয়টায় লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে ‘বর্ষবিদায় ও বর্ষবরণ’ অনুষ্ঠান। চলবে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক রবি। পুরো আয়োজনটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। কথা হলো সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে।বছরের শেষ দিনে এ ধরনের আয়োজন কবে থেকে শুরু করেছেন?২০০০ সাল থেকে। আমরা তো সবাই পয়লা বৈশাখ উদ্যাপন করি। গ্রামবাংলায় বছরের শেষ দিনে চৈত্রসংক্রান্তি উৎসব হয়। কিন্তু শহুরে সমাজে বাংলা বছরকে বিদায় জানানোর তেমন আয়োজন তখন চোখে পড়ত না। আর পয়লা বৈশাখে এত অনুষ্ঠান হয়, সবাই সেসব নিয়ে ব্যস্ত থাকি। তাই শুরুতে আমরা নিজেদের জন্য এই আয়োজন করেছিলাম, ছোট আকারে। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক আর আশপাশের লোকজন ছিল এই আয়োজনের দর্শক। এখন চিত্রটা বদলে গেছে। আয়োজনটি বড় আকার হলো কবে থেকে?কয়েক বছরের মধ্যেই আয়োজনটি বেশ জনপ্রিয় হয়। এলাকার বাইরে থেকেও অনেক দর্শক এতে অংশ নেয়। বিদেশিরাও আসতে শুরু করে। একসময় দেখি, মাঠ ভরে যাচ্ছে। এখন শহুরে মানুষের কাছে ৩০ চৈত্র মানেই সুরের ধারার ‘বর্ষবিদায় ও বর্ষবরণ’ অনুষ্ঠান। আর চ্যানেল আইয়ের মাধ্যমে তা উপভোগ করছে দেশ-বিদেশের অসংখ্য দর্শক। সুরের ধারার এই আয়োজন এখন এক উৎসবে পরিণত হয়েছে।এবারের আয়োজন নিয়ে কিছু বলুন।এবারের ভাবনা ‘রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ‘বর্ষবিদায় ও বর্ষবরণ’ অনুষ্ঠানটি সাজিয়েছি রবীন্দ্রনাথের গান আর নাটক দিয়ে। সঙ্গে নাচও থাকবে। সুরের ধারার শিশু বিভাগের পরিবেশনায় এ অনুষ্ঠানে মঞ্চস্থ হবে গীতিনাট্য কাল মৃগয়া আর সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় নাটক জুতা আবিষ্কার। থাকছে সুরের ধারার নিয়মিত ছাত্রছাত্রীদের পরিবেশনা। তাঁরা শোনাবেন রবীন্দ্রনাথের ভাঙ্গাগান। সঙ্গে থাকবে মূল গানও। আপনি বলেছিলেন, এবার ভারত থেকে একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন।হ্যাঁ, তিনি প্রমিতা মল্লিক। তিনি ছাড়াও অতিথি শিল্পী হিসেবে আজকের অনুষ্ঠানে গান করবেন পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদ, মিতা হক, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, লাইসা আহমেদ ও অদিতি মহসিন।