সুরের ধারার বর্ণাঢ্য বর্ষবিদায় অনুষ্ঠান
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে উন্মুক্ত মঞ্চে ছয় ঘণ্টাব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বছরের শেষ প্রহরে ১৪১৮ বাংলা সালকে বিদায় জানানো হয়েছে। পুরোনো বছরকে বিদায় জানানো হয় গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে। গীতাঞ্জলি প্রকাশনার শতবর্ষ উপলক্ষে এবার বর্ষবিদায় অনুষ্ঠান সাজানো হয় রবীন্দ্রনাথের গীতাঞ্জলির গান দিয়ে। সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত চৈত্রসংক্রান্তির এ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছয়টায়। গান ও নৃত্য পরিবেশন করেন সুরের ধারা এবং সারা দেশ থেকে আসা বিভিন্ন বয়সের কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবছর আমরা বর্ষবিদায় অনুষ্ঠানে একটি বিষয় নির্বাচন করি। এবার নির্বাচন করেছি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে।’ অনুষ্ঠানের একপর্যায়ে ‘রবীন্দ্রনাথের গীতাঞ্জলি’ বিষয়ে বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, বাংলা গীতাঞ্জলি থেকে ইংরেজি গীতাঞ্জলি ভিন্ন। ইংরেজি গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথের অন্যান্য গ্রন্থ থেকেও কবিতা সংকলিত হয়েছে। গীতাঞ্জলি রবীন্দ্রনাথের বিশেষ অধ্যায়ের সূচনা করে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফফাত আরা দেওয়ান, সালমা আকবর, মহাদেব ঘোষ, লিলি ইসলাম, তপন মাহমুদ, শিমু দে, মিতা পাল, মালা দেব বর্মণ, মিতা হক, নীলোৎপল সাধ্য, রানী আকলিমা, সীমা সরকার, আদ্রিনা জামিলিসহ অনেকে। আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, আলী যাকের, শিমুল মুস্তাফা প্রমুখ। সুরের ধারা, রবিরশ্মি, উত্তরায়ণের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করে। রাত ১২টায় ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।