সুরের ধারার রবীন্দ্র-উৎসবের সেমিনারে দেশ-বিদেশের বক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের সব গান নিয়ে সুরের ধারা তৈরি করছে শ্রুতি গীতবিতান। ২২টি ডিভিডির এই সংকলনের প্রকাশনা উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনের ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবের প্রথম দিন ২৯ ডিসেম্বর বিকেলে শ্রুতি গীতবিতান অ্যালবামের মোড়ক খুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অমর্ত্য সেন, শঙ্খ ঘোষ ও আনিসুজ্জামান। এ সময় একই মঞ্চে এক হাজার জন শিল্পী রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। ৩০ ও ৩১ ডিসেম্বর রবীন্দ্র-উৎসবে থাকছে সেমিনার। সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন কবি শঙ্খ ঘোষ, রবীন্দ্রভারতীর উপাচার্য করুণা সিন্ধু দাশ এবং বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত। বন্যা আরও জানান, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন শফি আহমেদ (রবীন্দ্রনাটক), কুমকুম ভট্টাচার্য (রবীন্দ্রনাথের ছোটগল্প), বিশ্বজিৎ ঘোষ (রবীন্দ্রনাথের উপন্যাস), আতিউর রহমান (রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা), তপন রায় চৌধুরী (রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা), স্বপন মজুমদার (রবীন্দ্রনাথের কবিতা), আল্পনা রায় (রবীন্দ্রনাথের গান), সোমেন বন্দ্যোপাধ্যায় (রবীন্দ্রনাথের সাহিত্য ও চিত্রকলার সম্পর্ক), কেতকী কুশারি ডাইসন ও সুশোভন অধিকারী (রবীন্দ্রনাথের চিত্রকলা)। সেমিনারগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেমিনার হলে।‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’ শীর্ষক এই তিন দিনের আয়োজনে সুরের ধারার সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই।